Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইন্টারনেট পরিষেবা ব্যাহত হবে আরও ২ দিন, উদ্বেগ

ইন্টারনেট পরিষেবা ব্যাহত হবে আরও ২ দিন, উদ্বেগ
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় অশান্তির জেরে আরও দু’ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অনলাইন ট্রানজাকশন করতে না পেরে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। নগদ টাকায় ব্যবসা করতে হচ্ছে সকলকে। হঠাৎ করে এই পরিস্থিতিতে নগদেরও ক্রাইসিস হচ্ছে বলেই জানান ব্যবসায়ীরা। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে আছেন সকলে। 
Advertisement
মঙ্গলবার বহরমপুরের খাগড়া মার্কেটের অনেক দোকান বন্ধ থাকায় কিছুটা সুরাহা হয়েছে। তবে বুধবার বেচাকেনা আদৌ কতটা করা যাবে তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। জঙ্গিপুর, ডোমকল, কান্দি, বহরমপুর ও লালবাগ মহকুমার কোনও অংশেই নেট কাজ করছে না। অনেকেই বাধ্য হয়ে পার্শ্ববর্তী জেলায় গিয়ে কাজ মেটাচ্ছেন। কান্দি ও সালার থেকে বহু যুবক মঙ্গলবার পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ও কাটোয়াতে গিয়ে ইন্টারনেট সংযোগ করে কাজ মিটিয়েছেন। রঘুনাথগঞ্জ ও সূতির অনেক যুবক এদিন বীরভূমের মুরারইতে গিয়ে মোবাইলের ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজন মিটিয়েছেন। ফরাক্কা থেকে অনেকেই ঝাড়খণ্ডের পাকুর এলাকায় গিয়ে ইন্টারনেট ব্যবহার করেছেন। তবে সবথেকে সমস্যায় পড়েছে ব্রান্ডেড পোশাকের দোকান এবং শপিংমলগুলি। বহরমপুর শহরের একাধিক বড় দোকানে এদিন ছিল ছুটির মেজাজ। অনলাইন বিল করতে না পেরে সমস্যায় পড়েছেন বিক্রেতারা। তবে বেশ কিছু স্থানীয় বড় দোকানে ম্যানুয়ালি বিল করেছেন ব্যবসায়ীরা। তবে এই পরিস্থিতিতে বিক্রি বাড়ায় খুশি হয়েছেন ছোট দোকানগুলির মালিকরা। 
বহরমপুরে নতুন বাজারের ব্যবসায়ী অভিজিৎ চক্রবর্তী বলেন, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় আমাদের খুব ক্ষতি হচ্ছে। অধিকাংশ মানুষই এখন অনলাইনে টাকা দেন, সেসব নিতে পারছি না। বিল করতে সমস্যা হচ্ছে সকলের। তবে অনেক ছোট দোকান হাতে বিল করেন, তাদের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। তবে মানুষ এই পরিস্থিতিতে কেনাকাটা করছেন কম। 
জেলা প্রশাসনিক ভবন থেকে শুরু করে অধিকাংশ সরকারি অফিসে এদিন ইন্টারনেট সংযোগ না থাকায় অধিকাংশ কাজই হয়নি। অফলাইনে যেটুকু কাজ করা সম্ভব সেই কাজ সেরেছেন আধিকারিকরা। মুর্শিদাবাদের একটি থানা এলাকায় অশান্তির জেরে মঙ্গলবার থেকে পুনরায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাধারণ মানুষ জেলার কোনও অংশ থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না বলে একটি নির্দেশিকা জারি করা হয়েছে প্রশ্নের তরফ থেকে। জেলার অনেক যুবকই শেয়ার মার্কেটে লগ্নি করেন। ইন্টারনেট না থাকায় কাজ করতে পারেনি তাঁরাও। লালবাগের অভীক মণ্ডল নামের এক যুবক বলেন, শেয়ার কেনাবেচা করে কিছুটা মুনাফা করি কিন্তু ইন্টারনেট না থাকলে কী করব। কোনওভাবেই তো ট্রেডিং অ্যাপ খুলছে না। সমস্যায় পড়েছেন সাইবার ক্যাফের ব্যবসায়ীরাও। শীতের আগে এ সময় বহু ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং করে ভালো টাকা উপার্জন করেন বহু যুবক। কিন্তু গত তিন দিন ধরে তাঁরাও দোকান বন্ধ রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় সকলেই। 
এদিকে গত দু’ দিন ধরেই শপিং মলগুলিতে বিক্রি কম হয়েছে। কিছু কিছু ক্রেতা এদিন শপিং মলে কেনাকাটা করে বিল করতে পারেনি। মোহন মোড়ের সামনের একটি শপিং মলের এক ক্রেতা বিভূতি সমাদ্দার বলেন, দু’ ঘণ্টা ধরে জিনিস কিনলাম বিলিং করতে এসে দেখছি সমস্যা হচ্ছে। পাশাপাশি অনেকেই অনলাইনে টাকা ট্রান্সফার করতে না পেরে কেনাকাটা করা জিনিসপত্র রেখে দিয়ে খালি হাতে বাড়ি ফিরলেন। 
সম্পর্কিত সংবাদ