Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইন্টারনেট পরিষেবা বন্ধ, চরম ভোগান্তি ব্যাহত প্রশাসনিক ভবনের কাজকর্মও

ইন্টারনেট পরিষেবা বন্ধ, চরম ভোগান্তি ব্যাহত প্রশাসনিক ভবনের কাজকর্মও
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যায় সাধারণ মানুষ। ক্ষতি হচ্ছে ব্যবসার। অনলাইন সিস্টেমে বিলিং করতে পারছে না বহু শপিংমল ও রিটেল স্টোর। বহরমপুর, কান্দি, লালবাগ, ডোমকল ও জঙ্গিপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। মঙ্গলবার পর্যন্ত কোনও নেট পরিষেবা মিলবে না বলে জানানো হয়েছে।
Advertisement
মুর্শিদাবাদ জেলার একটি থানা এলাকায় সমস্যার জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জেলা প্রশাসনিক ভবনেও এদিন ইন্টারনেট পরিষেবা না থাকায় কাজে ব্যাঘাত ঘটেছে। জেলা পরিষদ, স্কুল শিক্ষাদপ্তর, পরিবহণ দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার, সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা না থাকায় কাজে ব্যাঘাত ঘটে। সাধারণ মানুষও পরিষেবা না পেয়ে বেশ বিরক্ত। সব থেকে ক্ষতি হয়েছে অনলাইন বিলিং করা স্টোরগুলিতে। সেখানে জিনিস কেনার পর বিল করা যাচ্ছে না। যার ফলে অনেক ক্রেতাকে ফিরিয়ে দিতে হয়েছে। তবে এর ফলে ছোট দোকানগুলিতে ভালো ভিড় হয়েছে। 
ক্রেতা অনিশ দাস বলেন, সাধারণত শপিংমল থেকেই কেনাকাটা করি। অফার পাই। এখন নেট বন্ধ থাকায় অনেক জায়গায় বিল করতে সমস্যা হচ্ছে। অনেক জায়গায় বিল হলেও ইন্টারনেট না থাকায় অনলাইন পেমেন্ট হচ্ছে না। তাই পাড়ার কিংবা বাজারের দোকান থেকে এখন কিনতে হচ্ছে। 
মুদিখানা থেকে ছোট ছোট জামা কাপড়ের দোকানে এদিন ভালোই কেনাকাটা হওয়ায় খুশি ছোট ব্যবসায়ীরা। এদিকে বহুজাতিক সংস্থার শপিংমলগুলিতে বিক্রি কম হয়েছে। অনেকেই আবার শপিংমলে কেনাকাটা করেও বিল করাতে পারেননি। তাঁরা ক্ষোভ উগরে দেন। মোহনমোড়ের সামনের শপিংমলের এক বিক্রেতা বলেন, অনেকেই এসে জিনিসপত্র কিনছে। কিন্তু, বিল করতে সমস্যা হচ্ছে। অনলাইন পেমেন্ট ও বিলিং করতে পারছি না। কবে যে নেট পাব জানি না। 
বহরমপুর খাগড়া মার্কেটের একটি বহুজাতিক সংস্থার আউটলেটে বিরক্ত হয়ে কর্মীরা বলেন, কোনও বিলিং করতে পারছি না। কাস্টমারদের ফিরিয়ে দিতে হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে বলে শুনছি। তারপর আদৌ নেট চালু হবে কি না, জানি না। ইন্টারনেট ছাড়া আমাদের কোনও কাজ হয় না। 
নতুন বাজারের এক মুদি ব্যবসায়ী হারাধন ঘোষ বলেন, আমাদের দোকানে যেন হঠাৎ করে ভিড় বেড়ে গিয়েছে। শপিংমল থেকে যাঁরা গ্রোসারির জিনিসপত্র কেনেন, তাঁরা অনেকেই ফের আমাদের মুদির দোকান থেকে জিনিসপত্র কিনেছেন। নগদ পয়সায় আমরা জিনিস বিক্রি করি। ফলে সমস্যা হয় না। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, আপাতত মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। আমরা তারপর সিদ্ধান্ত নেব। ইন্টারনেট পরিষেবা না থাকলে সকলেরই সমস্যা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই নেট পরিষেবা সচল করা হবে।
সম্পর্কিত সংবাদ