নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ইন্টার ডিস্ট্রিক্ট টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল নদীয়ার মেয়েরা। শনিবার কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে উত্তর ২৪ পরগনাকে ২৯ রানে হারিয়ে এই খেতাব জেতে নদীয়া। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নদীয়া। বৃষ্টির কারণে খেলা ১৭ ওভারের নির্ধারিত হয়। মিতা পালের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে নদীয়া পাঁচ উইকেটে ১২৭ রান তোলে। মিতা পাল ৮৩ রানে নটআউট থাকেন। পাল্টা ব্যাট করতে নেমে উত্তর ২৪ পরগনা ৬ উইকেট হারিয়ে ৯৮ রান করে। নদীয়া মৌলী মণ্ডল দু’টি উইকেট পেয়েছেন। চাকদহ এক্সপ্রেস ঝুলন গোস্বামীর হাত থেকে ম্যাচের সেরার পুরস্কার নেন মিতা পাল।



