নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়ার ঘটনার সেই রাতে এবং মৃত্যুর পর যাঁরা গিয়েছিলেন, সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাতে যা উঠে আসবে, তদন্তকারী সংস্থাকে জানানো হবে। শনিবার স্বাস্থ্যভবনে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সব স্বাস্থ্যকেন্দ্র ও প্রতিষ্ঠানে রবিবার বেলা ১১টায় অভয়ার স্মৃতিতে এবং তাঁর সম্মানার্থে ২ মিনিট নীরবতা পালন করা হবে। আত্মার শান্তিতে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন।’ মন্ত্রী আরও বলেন, ‘অভয়া কাণ্ডে স্বাস্থ্যদপ্তর পৃথকভাবে তদন্ত করছে। নির্যাতিতার যেসব মাস্টারমশাই ছিলেন, তাঁদের বক্তব্যও শোনা হবে। কোন কোন জায়গায় ফাঁক ছিল, পরে কীভাবে সেসব কৌশল করে চাপা দেওয়া হল, সব দেখা হবে। বিধায়ক রত্না দেবনাথের কেন্দ্রে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠান হবে। সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন।’



