সংবাদদাতা, বোলপুর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে বক্তৃতার অনুষ্ঠান বিশ্বভারতীতে না হওয়ায় প্রশ্ন তুললেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ জঁ দ্রেজ। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব সভাকক্ষে বিশেষ বক্তৃতা সভার আয়োজন করে একটি প্রকাশনী সংস্থা। অর্থনীতিবিদ জঁ দ্রেজ ‘লার্নিং ফ্রম অমর্ত্য সেন’ শীর্ষক বক্তৃতা দেন। অনুষ্ঠানটি বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরির সভাকক্ষে আয়োজন করার কথা ছিল। কিন্তু, তা বিশ্ববিদ্যালয় থেকে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সরানো হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঠিকভাবে যোগাযোগ না হওয়ায় অনুষ্ঠানটি গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সরানো হয়েছে।
জঁ দ্রেজ আক্ষেপের সুরে বলেন, আমি কিছুটা হতাশ ও ব্যথিত যে অনুষ্ঠানস্থল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি সভাকক্ষ থেকে গীতাঞ্জলি হলে সরিয়ে নেওয়া হয়েছে। এটা বেশ ধাক্কা দেওয়ার মতো, কারণ অমর্ত্য সেন তো ওই গ্রন্থাগারেরই সন্তান। তিনি ছোটবেলায় বহু বছর ধরে সেখানে নানারকম বই পড়ে দীর্ঘ সময় কাটিয়েছেন।
তিনি একইসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট উদার ও বিশ্বজনীন পরিবেশেরও সন্তান। আজ আমরা তাঁর কথা বলার জন্য সেই জায়গা পাচ্ছি না। মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র বলে কিছু নেই। আর যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নিজের মত প্রকাশ করা না যায়, তবে আমি মনে করি কোথাও মতপ্রকাশের স্বাধীনতা নেই।
এদিন সাম্প্রতিক সময়ে আদালতের বিভিন্ন রায় ও বিল নিয়েও উষ্মাপ্রকাশ করেন তিনি। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে রবীন্দ্র সপ্তাহ উদ্যাপিত হচ্ছে। তাই একই সময়ে অন্য অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের নিয়মবিরুদ্ধ বলেই প্রকাশনার অনুষ্ঠানটি করা যায়নি। বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ জঁ দ্রেজ।- নিজস্ব চিত্র