হ্যামকে পাঠানো অ্যামেচার রেডিয়োর আন্তর্জাতিক শিরোপা আটকে দিল্লিতে
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কখনও অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষকে বাড়ি ফেরানো, কখনও আবার প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধারকাজে সাহায্য করা। বিনা পারিশ্রমিকে এই ধরনের মানবিক কাজের জন্য ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের (হ্যাম) সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসকে আন্তর্জাতিক মানের শিরোপা দিয়েছে আমেরিকান রেডিয়ো রিলে লিগ। অ্যামেচার রেডিয়ো জগতে যা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার। অম্বরীশবাবু আমেরিকায় যেতে না পারায় পুরস্কারের স্মারক ক্যুরিয়ার মারফত পাঠানো হয়েছে দিল্লিতে। কিন্তু, জিএসটি নম্বরের গেরোয় দিল্লিতেই আটকে রয়েছে সেই আন্তর্জাতিক শিরোপা! তা নিয়ে হতাশ ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব। কারণ, জিএসটির জটিলতার কারণে ওই পুরস্কার আমেরিকায় রিটার্নও চলে যেতে পারে। ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব সূত্রে জানা গিয়েছে, আমেরিকান রেডিয়ো রিলে লিগ প্রতি বছর এই পুরস্কার দেয়। চলতি বছরে বাংলার অম্বরীশবাবুকেই নির্বাচিত করা হয়েছে। তাঁকে নিউইয়র্কে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি পুরস্কার নিতে যাওয়ার জন্য ভিসার আবেদন করেন। কিন্তু, পাসপোর্টের মেয়াদ সেই সময় তিন মাস থাকায় তিনি ভিসা পাননি। তবে, সশরীরে হাজির থাকতে না পারলেও আমেরিকা থেকে তাঁর সম্মানের স্মারক একটি নামী ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে দিল্লিতে পাঠানো হয়। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু, দিল্লিতে ওই পুরস্কারের স্মারক এসে পৌঁছানোর পর শুরু হয়েছে জটিলতা। কী জটিলতা? ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের (হ্যাম) সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, এটি রেডিয়ো জগতের বিশ্বের শ্রেষ্ঠ শিরোপা। কিন্তু, পুরস্কার হাতে পাব কি না, জানি না! যে ক্যুরিয়ারের মাধ্যমে দিল্লিতে পাঠানো হয়েছে, তারা কাস্টমস ক্লিয়ারের জন্য আমাকে ফোন করে জিএসটি নম্বর চাইছে! এটা তো কোনো ব্যবসায়িক লেনদেন নয়। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে জিএসটি নম্বর লাগতে পারে। কিন্তু, ব্যক্তিগত জিএসটি নম্বর কী হয়? প্যান, আধার, ভোটার, পাসপোর্ট সব নম্বর পাঠিয়েছি। কিন্তু তাতে পুরস্কার হস্তান্তরে নারাজ ক্যুরিয়ার সংস্থা ও কাস্টমস। জটিলতার কারণে ওই পুরস্কার রিটার্ন চলে যেতে পারে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েছি।

Advertisement