নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ঘূর্ণিঝড় ‘আকভানে’র প্রভাবে বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টিতে আরামবাগ মহকুমায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ব্যাঘাত ঘটেছে জগদ্ধাত্রী পুজোয় আয়োজিত নানা অনুষ্ঠানের। আরামবাগ ও খানাকুলে অধিকাংশ পুজো কমিটি এদিন তাদের সন্ধ্যার অনুষ্ঠানগুলি বাতিল করতে বাধ্য হয়। কোথাও কোথাও আবার বৃষ্টির জেরে মণ্ডপের সামনে জল জমে যায়। ফলে দর্শনার্থীদের ভিড় নেই বললেই চলে। ছাতা মাথায় অল্প সংখ্যক মানুষ মণ্ডপ দর্শন করে। আজ, শুক্রবারও আবহাওয়ার উন্নতি হবে কি না, তা নিয়ে উদ্যোক্তারা সংশয়ে রয়েছেন।
প্রতি বছর আরামবাগ শহর ও খানাকুলের বিস্তীর্ণ এলাকায় বড়ো আকারে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। আরামবাগ শহরে স্পোর্টিং অ্যাসোসিশনের উদ্যোগে এদিন সন্ধ্যায় আতসবাজি প্রদর্শনী হওয়ার কথা ছিল। প্রত্যেক বছর এই অনুষ্ঠান দেখতে আরামবাগ হাইস্কুলের মাঠে হাজার হাজার মানুষ ভিড় জমায়। কিন্তু, এদিন সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় সেই প্রদর্শনী বাতিল করে দেয় পুজো কমিটি। এমনকি, স্কুলের মাঠের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। ক্লাবের সম্পাদক গৌরীশংকর ঘটক বলেন, এদিন আতসবাজি প্রদর্শনীর পাশাপাশি একটি ব্যান্ডের গানের অনুষ্ঠান ছিল। বাতিল করে দেওয়া হয়েছে। আগামী শনিবার সন্ধ্যায় আতসবাজি প্রদর্শনীর অনুষ্ঠানটি হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরামবাগের ত্রিধারা সম্মিলনীতেও এদিন সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সেটিও বাতিল করে দেওয়া হয়েছে। পুজো কমিটির সম্পাদক দেবল দে বলছেন, জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এদিন যেভাবে বৃষ্টি হয়েছে, তাতে কোনো অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। তাই বাতিল করা হয়েছে। আজ, শুক্রবারের অনুষ্ঠান বাতিল করতে হবে কি না সেটাও বুঝতে পারছি না। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হল।
খানাকুলের রাজহাটি সহ বিভিন্ন এলাকায় থিমের জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়েছে। সেখানেও এদিন নানা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু, বৃষ্টির জন্য সেসব স্থগিত করে দেওয়া হয়েছে। এতে মন খারাপ বহু মানুষের। রাজহাটির দিশারী-১ এর পল্লি জগদ্ধাত্রী পুজো কমিটির তরফে অমিত আঢ্য বলেন, সারাদিনই বৃষ্টি হচ্ছে। আমাদের পুজো মণ্ডপে এদিন স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু, আবহাওয়া খারাপ থাকার জন্য তা স্থগিত করা হয়েছে। অন্যান্য পুজোগুলিতেও যা অনুষ্ঠান হওয়ার কথা ছিল সবই বন্ধ রাখা হয়েছে। কিছু পুজো মণ্ডপ মাঠে হয়েছে। সেখানে ইতিমধ্যেই বৃষ্টির জল জমে গিয়েছে।
এদিন সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হতে থাকে। কখনো ভারী, আবার কখনো হালকা বৃষ্টি হয়। তারফলে রাস্তাঘাটে লোকজনও কম দেখা যায়। স্কুলগুলিতে অন্যান্য দিনের তুলনায় পড়ুয়াদের উপস্থিতিও কম ছিল। এই বৃষ্টি ধান চাষিদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে।



