ভিন্ন ধর্মে বিবাহ: হিন্দুত্ববাদী সংগঠনের কোপে দম্পতি, পুলিশি নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যেকোনো প্রাপ্তবয়স্ক নাগরিকের নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা আছে। তা নিয়ে কেউ হস্তক্ষেপ করতে পারে না। ভিন্ন ধর্মে বিবাহ স্থির হওয়ার জেরে হিন্দুত্ববাদী এক সংগঠনের তরফে লাগাতার হুমকির মুখে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক যুগল। সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, কোনো যুগলের ধর্ম আলাদা হলেও তাঁদের একসঙ্গে বসবাসে বাধা দেওয়া যাবে না। নবদম্পতি এবং তাঁদের পরিবারকে অবিলম্বে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তাঁর মন্তব্য, ‘ভারতের সংবিধান অনুযায়ী, দেশের প্রতিটি নাগরিকের নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। কোনো পরিস্থিতিতেই সেই অধিকারে হস্তক্ষেপ করা বা নাক গলানো উচিত নয়।’ মামলাকারী যুগলের অভিযোগ ছিল, তাঁদের বিয়ের রেজিস্ট্রেশনের নোটিস ফাঁস হয়ে যাওয়ার পর হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন সদস্য পাত্রী ও তাঁর পরিবারকে হুমকি দেন। বিয়ে না ভাঙলে তাঁদের প্রাণে মেরে ফেলা হবে এবং বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া বলে অভিযোগ। এই ব্যাপারে পুলিশে অভিযোগ জানিয়েও সুরাহা না-হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। তাঁদের হয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, তার মক্কেলরা স্বেচ্ছায় সংসার করছেন। তাঁরা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তার জন্যই পুলিশি নিরাপত্তার আবেদন করা হয়েছে। তরুণী আদালতে হলফনামা দিয়েও জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছেতেই স্বামীর সঙ্গে বৈবাহিক জীবন চালিয়ে যেতে চান। তা খতিয়ে দেখার পরেই বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দেন, পুলিশকে ওই দম্পতি এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে হবে।

Advertisement