


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটে যাঁরা তৃণমূলের প্রার্থী হতে চান, তাঁদের আবেদন নেওয়ার জন্য দলের রাজ্য দপ্তরে রাখা হল ড্রপ বক্স। সেখানে বায়োডেটা জমা দিয়ে যেতে পারেন যে কেউ। সোমবার থেকে এই বক্স রাখা হয়েছে। নির্বাচনি নির্ঘণ্ট প্রকাশের আগে পর্যন্ত এই বাক্স থাকবে। তারপর ইচ্ছুকদের বায়োডেটা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কমিশন মার্চ মাসের শুরুর দিকেই নির্বাচনি নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। তার কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। তবে এখন থেকেই প্রার্থী বাছাই নিয়ে যাবতীয় আলোচনা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব দিকের খোঁজখবর নিচ্ছেন। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের তরফেও জেলায় জেলায় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের তরফে বিধানসভা ভিত্তিক একটি রিপোর্ট জমা পড়বে মমতা, অভিষেকের কাছে। এখন যাঁরা তৃণমূলের বিধায়ক আছেন, তাঁদের পারফরম্যান্স গত পাঁচ বছরে কেমন ছিল, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও বিধানসভা ভিত্তিক প্রার্থীদের নাম নিয়েও ঝাড়াই-বাছাই চলবে। সেই সঙ্গে তৃণমূলের তরফে নতুন মুখের খোঁজ জারি রয়েছে। দলীয় সূত্রে খবর, যাঁরা ড্রপ বক্সে বায়োডেটা জমা দিচ্ছেন, তাঁদের মধ্যে কেউ যোগ্য থাকলে, সেটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উল্লেখযোগ্য বিষয় হল, এলাকা থেকে কারা গিয়ে তৃণমূল ভবনে বায়োডেটা জমা দিয়ে আসছেন, বর্তমান তৃণমূল বিধায়কদের অনেকে সেই খোঁজও রাখছেন। তবে দলের রাজ্য নেতৃত্বের বক্তব্য, তৃণমূলে গণতন্ত্র রয়েছে। মানুষের জন্য এই দল। তাই যে কেউ নিজের মত প্রকাশ, চিঠি, বায়োডেটা জমা দিতেই পারেন।