দোহা: ২০২৫ সালে আরও একটি ট্রফি ঘরে তুলল পিএসজি। বুধবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল প্যারিসের ক্লাবটি। ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে টাই-ব্রেকারে বশ মনাল লুই এনরিকে-ব্রিগেড। আর পেনাল্টি শ্যুট-আউটে প্রতিপক্ষের চারটি শট রুখে নায়ক গোলরক্ষক মাতভে সাফোনভ।
নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয় ম্যাচ। ৩৮ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন খাভিচা কাভারাস্কেইয়া। তবে ৬২ মিনিটে পেনাল্টি থেকে ফ্লামেঙ্গোকে সমতায় ফেরান জর্জিনিও। এরপর অতিরিক্ত সময়ে স্কোরলাইনে কোনও পরিবর্তন না হওয়ায় খেলা গড়ায় টাই-ব্রেকারে। এই পর্বে দু’দল মিলিয়ে ৯টি শটের মধ্যে মাত্র তিনটিতে বল জালে জড়ায়। টাই-ব্রেকার মিস করেন মাত্র ২৪ ঘণ্টা আগে ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা ওসুমানে ডেম্বেলে। তবে মাতভে সাফোনভের একের পর এক দুরন্ত সেভে ২-১ ব্যবধানে জিতে চলতি ক্যালেন্ডার বর্ষে ষষ্ঠ ট্রফি ঘরে তুলল পিএসজি। উল্লেখ্য, এর আগে ফরাসি ফুটবলে ত্রিমুকুট জয়ের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ জেতে তারা।