Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগানকে রুখে ডার্বির লড়াই জমিয়ে দিল ইন্টার কাশী

ইস্ট বেঙ্গলের পয়েন্ট নষ্টের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মোহন বাগান।

মোহন বাগানকে রুখে ডার্বির লড়াই জমিয়ে দিল ইন্টার কাশী
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

মোহন বাগান- ০   :  ইন্টার কাশী- ০

Advertisement

সঞ্জয় সরকার, কলকাতা: ইস্ট বেঙ্গলের পয়েন্ট নষ্টের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মোহন বাগান। ২৪ ঘণ্টার মধ্যে ইন্টার কাশীর বিরুদ্ধে গোলশূন্য ড্র করল সের্গিও লোবেরা ব্রিগেড। ছন্নছাড়া ফুটবল আর দল নিয়ে কোচের অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার খেসারত গুনল গঙ্গাপাড়ের ক্লাবটি। স্বাভাবিকভাবেই মর্যাদার লড়াইয়ে আগে মঙ্গলবার ফুটবলারদের এই হতশ্রী পারফরম্যান্স চিন্তায় রাখবে অনুরাগীদের। এদিনে ড্রয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেই রইল মোহন বাগান (১১ ম্যাচে ২২ পয়েন্ট)। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের নিরিখে শীর্ষস্থান ধরে রাখল ইস্ট বেঙ্গল। ফলে রবিবার ডার্বিতে ড্র করলেই প্রথমবার আইএসএল জয়ের পথ আরও প্রসস্ত করবে মশালবাহিনী। মোহন বাগানকে খেতাব ধরে রাখতে বাকি দু’টি ম্যাচ জিততেই হবে।
পয়েন্ট টেবিলে শেষের দিকে অবস্থান ইন্টার কাশীর। তারউপর ম্যাচের একদিন আগেই হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান আন্তোনিও লোপেজ হাবাস। হয়তো তাই ধারেভারে পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটলেন মোহন বাগান কোচ। চোটের কারণে আপুইয়া ও অনিরুদ্ধ থাপা ছিলেন না। তা সত্ত্বেও ডার্বির কথা মাথায় রেখে গত ম্যাচের প্রথম একাদশে এদিন হাফ-ডজন পরিবর্তন আনেন লোবেরা। রক্ষণ থেকে আপফ্রন্টে, সব পজিশনেই বদল ঘটান তিনি। স্প্যানিশ কোচের সিদ্ধান্তই কিছুটা হলেও বুমেরাং হয়ে দাঁড়াল। শুরু থেকেই বেশ ছন্নছাড়া দেখায় মোহন বাগানকে। বরং অনেক বেশি তাগিদ লক্ষ্য করা যায় ইন্টার কাশীর খেলায়। ৯ মিনিটে ফাঁকা গোল পেয়েও মহম্মদ আশিফ বাইরে না মারলে, ম্যাচে লিড নিতেই পারত তারা।
চলতি মরশুমে ফর্মের ধারেকাছে নেই কামিংস ও দিমিত্রি। ডার্বির আগে দুই অজি তারকার আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য ছিল লোবেরার। তবে সিংহভাগ সময় বিপক্ষ ডিফেন্ডারের আড়ালে গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালেন দুই অজি ফুটবলার। রবসনও তথৈবচ। মরশুম শেষ হতে চলল, এখনও ফিট নন এই ব্রাজিলিয়ান ফুটবলার। ৪৫ মিনিটের মধ্যেই তাঁকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন কোচ। এমন এক ফুটবলারকে ঢাকঢোল পিটিয়ে সই করানোয় আদৌ কি কোনও লাভ হল মোহন বাগানের? প্রশ্ন উঠছেই। বরং প্রান্তিক আক্রমণে জোর দিয়ে বারবার মেহতাব-আলড্রেডদের উপর চাপ বাড়াল ইন্টার কাশী। বিরতির বাঁশি বাজায় বরং হাঁফ ছেড়ে বাঁচলেন লোবেরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন আনেন লোবেরা। রবসন ও কামিংসের জায়গায় লিস্টন ও ম্যাকলারেনকে মাঠে নামান তিনি। এবারের আইএসএলে কার্যত একা কাঁধে মোহন বাগান আপফ্রন্টকে টেনেছেন ম্যাকা। এদিনও তিনি নামতে কিছুটা গতি আসে দলের খেলাতে। ৫১ মিনিটে ম্যাচে প্রথমবারের জন্য গোলমুখী শট নেন দিমিত্রি। ৬৬ মিনিটে সুযোগ পেয়েও বিপক্ষ ফুটবলারদের পায়ের জঙ্গলে তালগোল পাকালেন সাহাল। তবে দিনের সহজতম সুযোগ হাতছাড়া করেন ম্যাকলারেন। ৮৫ মিনিটে দিমিত্রির পাস থেকে বিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও জাল কাঁপাতে ব্যর্থ তিনি। পালটা সংযোজিত সময়ে রোহিত দানুর শট বিশাল না রুখলে অঘটন ঘটাতেই পারত অভিজিত মন্ডলের ইন্টার কাশী।
মোহন বাগান: বিশাল, অময় (শুভাশিস), মেহতাব, আলড্রেড, অভিষেক, দীপক, সাহাল, মনবীর (অনিরুদ্ধ), দিমিত্রি (কিয়ান), রবসন (লিস্টন) ও কামিংস (ম্যাকলারেন)।

Advertisement
সম্পর্কিত সংবাদ