নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ২০২৬ সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে এবার মহিলাদের সংগঠিত করতে নেমে পড়ল মহিলা তৃণমূল। এজন্য রাজ্যের প্রতিটি জেলায় কর্মিসভা হবে। আসানসোল থেকে রবিবার সেই কর্মসূচির সূচনা হল। এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কর্মসূচির সূচনা করেন।মন্ত্রী এদিন সভা থেকেই বাংলা ও বাংলা ভাষার অপমান নিয়ে ঝাঁঝালো বক্তৃতা দেন। কীভাবে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, তা মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব দেন মহিলা তৃণমূল কর্মীদের উপর। এদিন কর্মিসভায় শাসকদলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, হরেরাম সিং ও জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই মহিলা তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ নেন। এরপর মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে সভার সুর বেঁধে দেন। এরপর একে একে বিধায়ক ও নেতারা বাংলা ও বাঙালির উপর আক্রমণ নিয়ে সরব হন। মহিলারাই যে বাংলার ভোটে নির্ণায়ক ভূমিকা নেন, সেটা তুলে ধরে মহিলাদের জন্য তৃণমূল সরকার কী কী করেছে-তা জানান। এদিন সভার ফ্লেক্সে লেখা ছিল ‘মহিলাদের শক্তির মূল, দিদির তৈরি তৃণমূল’।
এরপরই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলা ভাষার গুরুত্বের কথা তুলে ধরে কীভাবে বিজেপি নেতারা বাংলা ভাষা ও বাংলাভাষীদের অপমান করছে-তা তুলে ধরেন। কর্মিসভায় আসা মহিলাদের নিজ নিজ এলাকায় বাড়ি বাড়ি এবিষয়ে প্রচার চালানোর দায়িত্ব দেন।