বকেয়া সম্পত্তি করের প্রকৃত পরিমাণ কত, জানতে ‘ব্যাড ডিমান্ড’ চিহ্নিত করার নির্দেশ
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকতা পুরসভার বকেয়া সম্পত্তি করের পরিমাণ ৬৮৫৪.২৯ কোটি টাকা। কিন্তু এই বিপুল বকেয়ার কতটা ঘরে তোলা সম্ভব, তা নিয়ে সংশয়ে রয়েছেন পুরসভার সম্পত্তি কর মূল্যায়ন ও রাজস্ব আদায় বিভাগের আধিকারিকরা। কারণ, এই বিপুল অঙ্কের বকেয়া করের একটা বড়ো অংশ নানা আইনি জটিলতায় আটকে রয়েছে। অথবা সেই সম্পত্তির কোনো অস্তিত্বই নেই বর্তমানে। পুরসভার পরিভাষায় এই ধরনের সম্পত্তি করের বিলকে বলা হয় ‘ব্যাড ডিমান্ড’, আদতে যা সম্পত্তি করের বাতিল বিল হিসাবে ধরে নেওয়া হয়। সম্প্রতি ওয়েভার স্কিম নিয়ে রিভিউ বৈঠক ডেকেছিলেন পুর প্রশাসক স্মিতা পান্ডে। সেখানে ‘ব্যাড ডিমান্ড’ বিলের প্রসঙ্গ ওঠে। এই ধরনের বিলগুলি চিহ্নিত করে কর আদায়ের সিস্টেম থেকে বাদ দিতে বলা হয়েছে। এর ফলে বকেয়া সম্পত্তি করের সঠিক পরিমাণ নিশ্চিত করা যাবে। কর্তৃপক্ষ জানাচ্ছে, এটা করা সম্ভব হলে ‘অস্তিত্ব’ হারাতে পারে কয়েক হাজার কোটি টাকার ট্যাক্সের বিল।

Advertisement

জানা গিয়েছে, পুরসভার বকেয়া করের ঠিক কতটা আদায় করা সম্ভব, তার কোনো নির্দিষ্ট হিসাব নেই। যে হিসাব রয়েছে, তার মধ্যে বহু ‘ব্যাড ডিমান্ড’ বিলও রয়েছে। এক আধিকারিক বলেন, ‘ধরুন, একটি বড়ো জমি ছিল। তার নির্দিষ্ট অ্যাসেসি নম্বর বা ট্যাক্সের বিল ছিল। পরে সেই জমি ব্লক ব্লক করে কো-অপারেটিভ সোসাইটিকে বিক্রি করা হয়। সেই সময় আবার পৃথক পৃথক অ্যাসেসি নম্বর তৈরি হয়েছে। তারপর আবার সেই কো-অপারেটিভ সেখানে কোথাও বাড়ি বা আবাসন তৈরি করেছে। তখন আবার আলাদা আলাদা বাড়ি বা ফ্ল্যাটের মিউটেশন হয়েছে। পৃথক অ্যাসেসি নম্বর পেয়েছে সবাই। ট্যাক্সের নতুন বিলও যাচ্ছে নিয়মিত। কিন্তু, প্রথমে একলপ্তে যে জমি ছিল, সেই সময়ের ট্যাক্সের বিল এখনও জেনারেট হচ্ছে। এই বিলকে বলা হয় মাদার অ্যাসেসি বা মূল অ্যাসেসি। পরে মূল অ্যাসেসি ভেঙে নতুন  একাধিক অ্যাসেসি তৈরি হয়েছে। সেগুলির বিলও নিয়মিতি বেরচ্ছে। পেমেন্টও হচ্ছে যথারীতি। কিন্তু মাদার অ্যাসেসির বিল আর কেউ মেটাচ্ছে না। কারণ, সেটির আর কোনো অস্তিত্ব নেই। এমন বহু ব্যাড ডিমান্ড বিল রয়েছে। এগুলি সিস্টেম থেকে বাদ না দিলে প্রকৃত আদায়যোগ্য সম্পত্তি করের পরিমাণ জানা যাবে না। তবে এই প্রক্রিয়া যথেষ্ট সময়সাপেক্ষ।’