হেঁশেলের বদলে বহরমপুরে ভাইফোঁটায় জমজমাট রেস্তরাঁ
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাটা দেওয়ার প্রাচীন রেওয়াজ আজও অটুট। তবে যুগ বদলের সঙ্গে সেই উদ্‌যাপন ধরনেও এসেছে আমূল পরিবর্তন। গত কয়েক বছর ধরে বহরমপুর শহরে ভাইফোঁটার দিন বাড়িতে হাতা-খুন্তি নেড়ে রান্না করার ঝক্কি এড়িয়ে শহরের ফুড কোর্ট বা রেস্তরাঁগুলিতে উৎসব উদ্‌যাপন প্রবণতা বাড়ছে। এবছরও ভাইফোঁটাতেও তার অন্যথা হয়নি। শহরের নামী-দামী রেস্তরাঁতে ভাই-বোনদের লম্বা লাইন ও ভিড় সেটাই প্রমাণ করে দিল।

Advertisement

শহরের ব্যস্ত জীবনযাত্রা এবং একান্নবর্তী পরিবার ভেঙে একক পরিবারের সংখ্যা বেড়েছে। উৎসবের দিনে দীর্ঘক্ষণ রান্নাঘরে সময় কাটানোর ঝক্কি পোহাতে চান না অনেকেই। বিশেষ করে কর্মরতা বোন বা দিদিরা এই দিনটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি একটু স্বস্তির খোঁজে রেস্তরাঁর দরজা লাইন দিচ্ছে। এই প্রজন্মের চাহিদাকে মাথায় রেখে বহরমপুরের রেস্তরাঁগুলি সাজিয়েছিল তাদের বিশেষ মেনু।
বহরমপুরের খাগড়া, নতুনবাজার, গোরাবাজার, মোহন মোড় মোহনা বাসস্ট্যান্ড ও শহরের অন্যান্য অংশের রেস্তরাঁগুলি ভাইফোঁটা উপলক্ষ্যে তাদের মেনুতে এনেছিল অভিনবত্ব। ট্র্যাডিশনাল বাঙালি খাবারের পাশাপাশি ফিউশন ফুডের সমাহার ছিল চোখে পড়ার মতো। কচুরি-ছোলার ডাল থেকে শুরু করে বাসন্তী পোলাও, মটন কষা, ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি, চিকেন ডাক বাংলো কিংবা এঁচড়ের কালিয়ায় ভরপুর ছিল থালি। এমনকি শেষ পাতে গুড়ের আইসক্রিম, আমদই ও রসগোল্লায় ছিল আকর্ষণের ভিন্ন মাত্রা।
গোরাবাজারের জনপ্রিয় রেস্তরাঁর ম্যানেজার বলেন, গতবারের তুলনায় এবছর ভাইফোঁটায় টেবিল বুকিং অনেক বেশি। দুপুরের স্লট তো বটে, রাতের দিকেও বেশ ভাল ভিড় হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভাই-বোনেরা একসঙ্গে এই দিনটি উদ্‌যাপন করছেন।
শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এক রেস্তরাঁর মালিক অরিজিৎ গুপ্ত বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে ভাইফোঁটা অন্যতম। আগে মানুষ ঘরের খাবারকে প্রাধান্য দিতেন, কিন্তু সময়ের সঙ্গে ট্রেন্ড বদলাচ্ছে। এখনকার প্রজন্ম উৎসবের দিনটায় ঘরেবসে সময় নষ্ট না করে আমাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চায়। আমরাও তাই বাঙালি স্বাদের সঙ্গে একটু আধুনিক ছোঁয়া রেখে ভাইফোঁটা স্পেশ্যাল মহাভোজ থালির আয়োজন করেছি। অন্য এক রেস্তরাঁর কর্ণধার সুমনা ঘোষ বলেন, উৎসবের দিনটিতে মা-বোনেদের একটু বিশ্রাম দেওয়া এবং ভাই-বোনেরা যাতে একসঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া করতে পারেন, সেই কথা মাথায় রেখে আমরা বিশেষ কম্বো প্যাক রেখেছিলাম। বাঙালি খাবার যেমন ছিল, তেমন ছোটদের জন্য কিছু কন্টিনেন্টাল আইটেমও রাখা হয়েছিল। রেসপন্স দারুণ।
বহরমপুরের এক বেসরকারি সংস্থায় কর্মরত রিম্পা বিশ্বাস ও তাঁর ভাই অর্ঘ এসেছিলেন খাগড়ার একটি রেস্তরাঁয়। রিম্পা বললেন, আমারা দু’জনেই চাকরি করি। ভাইফোঁটার দিন বাড়িতে এত পদ রান্না করা এককথায় অসম্ভব। তাই ঠিক করি বাইরেই খাব। পরিবারের সকলের সঙ্গে পছন্দের খাবার একসঙ্গে খাওয়া-দারুণ অভিজ্ঞতা।