নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শিশুদের মধ্যে সৃষ্টিশীলতা বিকাশে অভিনব পন্থা নিয়ে এগোচ্ছে রায়গঞ্জের আদর্শ কমলাবাড়ি(২) প্রাইমারি স্কুল। প্রাথমিক স্কুলের প্রতি ভীতি কাটাতে এমন উদ্যোগ। যেখানে শুধুমাত্র বই পড়া নয়, আগামীতে আরও বড় পরিসরে নিজেদের তুলে ধরার জন্য, কবিতা, আবৃত্তি, নাচ, গান, সর্বসমক্ষে ফুটিয়ে তোলার ব্যাপারে উদ্যোগী হয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। তাই, প্রতি সপ্তাহে শনিবার স্কুল ক্যাম্পাসে বসছে ‘শিশুসভা’র আসর। সেই সভায় ক্লাস ভর্তি পড়ুয়ার সামনে রুটিন করে সকল পড়ুয়াকে মাইক্রোফোন হাতে গান, আবৃত্তি, কবিতা পড়ে শোনাতে হয়। আর এই উদ্যোগেই ব্যক্তিত্ব বিকাশের দিকে ঝোঁক বাড়ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের। তাইতো গতেবাঁধা সিলেবাস ছাড়াও পড়ুয়াদের কেউ ছবি আঁকছে, কেউ গান, নাচ, কারও আবার আবৃত্তির প্রতি আগ্রহ বেড়েছে। সঙ্গে বেড়েছে পড়াশোনার প্রতি ঝোঁক। এতে পড়ুয়াদের মানসিক শক্তি, আত্মবিশ্বাস যেমন বিকাশিত হচ্ছে, তেমনই পড়াশোনা ও স্কুলে আসার আগ্রহ বেড়েছে। এভাবে পড়ুয়া ধরে রেখেছে এই স্কুল।



