সংবাদদাতা, উলুবেড়িয়া: জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে বাগনান যুবকবৃন্দের উদ্যোগে কচ্ছপ সংরক্ষণ, পরিবেশ ও জলাভূমি রক্ষার লক্ষ্যে একটি সাইকেল র্যালি ও পরিবেশ সচেতনতা শিবির হল। বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এবং হাওড়া বনবিভাগের সহযোগিতায় এই কর্মসূচিতে কচ্ছপ, পরিবেশ ও জলাভুমি রক্ষার বার্তা দেওয়া হয়। সেই লক্ষ্যে সেজন্য জার্সি ও টুপি পরে সাইকেল আরোহীরা বাগনান লাইব্রেরি মোড় থেকে বাগনান স্টেশন রোড প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা বনবিভাগের বিভাগীয় বন আধিকারিক সুজিতকুমার দাস, সহকারী বন আধিকারিক কমল সাহা, রেঞ্জ অফিসার এষা বসু প্রমুখ। বাগনান যুবকবৃন্দের সদস্য ও বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক জানান, এদিন চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা, বাঙালি পতঙ্গবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য, বিখ্যাত বন্যপ্রাণ সংরক্ষণকারী ডঃ জেন গুডঅল, স্টিভ আরউইনের ছবিতে পুস্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়। নিজস্ব চিত্র



