Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আপুইয়া ও কামিংসের চোট চিন্তা বাড়াচ্ছে মোহন বাগানের, দ্য লাস্ট ড্যান্স- ইঙ্গিতপূর্ণ পোস্ট পেত্রাতোসের

ডার্বি ড্র করে খেতাবি লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে মোহন বাগান। তারউপর দিল্লির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে মিনি হাসপাতাল লোবেরা-ব্রিগেড।

আপুইয়া ও কামিংসের চোট চিন্তা বাড়াচ্ছে মোহন বাগানের, দ্য লাস্ট ড্যান্স- ইঙ্গিতপূর্ণ পোস্ট পেত্রাতোসের
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বি ড্র করে খেতাবি লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে মোহন বাগান। তারউপর দিল্লির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে মিনি হাসপাতাল লোবেরা-ব্রিগেড। চোটের কারণে অনিশ্চিত বড়ো ম্যাচে সবুজ-মেরুনের একমাত্র গোলদাতা জেসন কামিংস ও আপুইয়া। মঙ্গলবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে সাইডলাইনেই কাটালেন দুই বাগান ফুটবলার। কার্ড সমস্যায় শেষ ম্যাচে নেই রক্ষণের স্তম্ভ আলবার্তোও। সবমিলিয়ে রীতিমতো চিন্তায় পালতোলা নৌকার অনুরাগীরা। তবে কোচ লোবেরা হাল ছাড়ছেন না। অনুশীলন শেষে মাঠ ছাড়ার আগে বলে গেলেন, ‘ফুটবলে কিছুই অসম্ভব নয়। খেতাব জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

Advertisement

আইএসএল ২০২৬ এর যবনিকা পতন ঘটবে বৃহস্পতিবার। সমীকরণ বলছে, খেতাব জয়ের দৌড়ে রয়েছে কলকাতার দুই প্রধানই। ১২ ম্যাচে দু’দলেরই পয়েন্ট সমান (২৩)। তবে অ্যাডভান্টেজে ইস্ট বেঙ্গল। কারণ, গোলপার্থক্যে (+৫) চিরপ্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটাই এগিয়ে থেকে টেবিলের মগডালে অস্কার-ব্রিগেড। তাই বৃহস্পতিবার কিশোর ভারতীতে বিষ্ণুরা ইন্টার কাশীকে হারাতে পারলেই কার্যত বাজিমাত লাল-হলুদের। তারজন্য এখন থেকেই সাজো সাজো রব লেসলি ক্লডিয়াস সরণিতে। কিন্তু, ইস্ট বেঙ্গলের পদস্খলনে লাভ মোহন বাগানের। তখন দিল্লিকে হারালেই ফুল ফুটবে গোষ্ঠ পাল সরণির বাগানে। সূত্রের খবর, দিল্লির একমাত্র বিদেশি ডিফেন্ডার রাফায়েলের চোট। তাই ভারতীয় ডিফেন্ডারদের নিয়েই কলকাতায় আসছে তারা। সেই সুযোগ নিশ্চয় কাজে লাগাতে চাইবেন বাগান অ্যাটাকাররা। আলাদা করে নজর থাকবে জেমি ম্যাকলারেনের উপর। ডার্বিতে শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গলের গোলরক্ষক গিলকে একা পেয়েও জাল কাঁপাতে ব্যর্থ তিনি। এদিন অনুশীলন সেরে বেরোনোর সময় আপশোস ঝরে পড়ল তাঁর গলায়। ম্যাকা বলছিলেন, ‘আমি সেরাটা দিয়েছি। গিল অসাধারণ সেভ করল।’ 
মোহন বাগানের কোচ লোবেরা অবশ্য বাড়তি চাপ নিতে নারাজ। মঙ্গলবারের অনুশীলনে গত ম্যাচের প্রথম একাদশকে হাল্কা অনুশীলন করালেন। যা ইঙ্গিত তাতে আপফ্রন্টে ম্যাকলারেনের সঙ্গে জুটি বাঁধতে পারেন দিমিত্রি পেত্রাতোস। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় ‘দ্য লাস্ট ড্যান্স’ লিখে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অজি ফুটবলার। তাহলে কি বৃহস্পতিবারই মোহন বাগান জার্সিতে শেষ ম্যাচ খেলবেন তিনি? উত্তর সময়ের গর্ভেই। তবে এদিন অনুশীলনে বেশ চনমনে দেখাল তাঁকে। গত ম্যাচে কর্নার থেকে তাঁর বাড়ানো বলেই গোল করে মোহন বাগানকে সমতায় ফেরান কামিংস। এদিন প্র্যাকটিসেও দীর্ঘক্ষণ সেটপিসের মহড়া সারতে দেখা গেল পেত্রাতোসদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ