ইছাপুরের নির্মীয়মাণ বহুতল থেকে  ইট পড়ে জখম, ক্ষোভ বাসিন্দাদের
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নির্মীয়মাণ বহুতল থেকে ইট পড়ে গুরুতর জখম হলেন কারখানার শ্রমিক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার ইছাপুর রোডে। আহত দীনেশ সামন্ত (৪৯) একটি বেসরকারি নার্সিংহোমের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার জেরে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দাদের একাংশ। অবিলম্বে নির্মাণের কাজ বন্ধ করে বহুতলটি ভেঙে ফেলার দাবিও উঠেছে।

Advertisement

কারখানায় কাজ করছিলেন দীনেশ। সেই সময় নির্মীয়মাণ বহুতল থেকে একটি ইট এসে তাঁর মাথায় পড়ে। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্যাঁটরা থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল আমল থেকেই কয়েকজন স্থানীয় প্রোমোটার ওই পাঁচতলা বাড়িটি নির্মাণ করছেন। সংকীর্ণ জায়গায় পুরসভার নিয়মকানুন উপেক্ষা করে একের পর এক তলা তৈরি করা হয়েছে বলে অভিযোগ। বহুতলের চারপাশে পর্যাপ্ত জায়গা ছাড়া হয়নি। নির্মাণস্থলে শ্রমিক ও পথচারীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় গার্ড কিংবা সেফটি নেটের ব্যবস্থাও ছিল না বলে দাবি। ফলে দুর্ঘটনার শঙ্কা ছিলই।বাসিন্দাদের আরও অভিযোগ, আগেও ওই নির্মাণস্থল থেকে ইট পড়ে স্থানীয় কয়েকজন অল্পবিস্তর জখম হয়েছেন। তারপরেও নিরাপত্তার ব্যবস্থা না করেই কীভাবে নির্মাণের কাজ চলছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। মুখ্যমন্ত্রী বেআইনি বহুতল নির্মাণ বন্ধে কড়া নির্দেশ দেওয়ার পরেও প্রশাসনের নাকের ডগায় কীভাবে এমন নির্মাণ চলছে, সেই প্রশ্নও উঠেছে।
  এই বাড়ি ঘিরেই অনিয়মের অভিযোগ। নিজস্ব চিত্র