মুর্শিদাবাদে ৫৫টি  স্কুলকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করার উদ্যোগ, শুরু সমীক্ষা
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার ৫৫টি হাইস্কুলকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার জন্য খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করল শিক্ষাদপ্তর। জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে বলে জানা গিয়েছে। 

Advertisement

নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট সার্কেলের অন্তর্ভুক্ত হাইস্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করার বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবারের মধ্যে সাব-ইন্সপেক্টরদের বিস্তারিত রিপোর্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  
দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার কিছু ব্লক ও পুরসভা এলাকার হাইস্কুলগুলিকে এই তালিকায় রাখা হয়েছে। ওই তালিকায় মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকার একাধিক স্কুল স্থান পেতে পারে। ওই তালিকায়, বেলডাঙা-১ ও বেলডাঙা-২ ব্লকের বেশ কিছু স্কুলের পাশাপাশি নওদা, ডোমকল ও জলঙ্গি, বহরমপুর এবং হরিহরপাড়া এলাকার একাধিক বিদ্যালয়ের নামও উঠে এসেছে। এছাড়াও রানিনগর-১, রানিনগর-২ ও রঘুনাথগঞ্জ-১ ব্লকের বেশ কিছু স্কুল অনুমোদন পেতে চলেছে বলে জানা যাচ্ছে। জেলার অন্য প্রান্তের মধ্যে সাগরদিঘি, সূতি-২, বড়ঞা, ভরতপুর-১ ও ২ ব্লকের কিছু স্কুলের নাম ওই তালিকায় জায়গা করে নিতে পারে। এছাড়াও খড়গ্রাম, ভগবানগোলা-২, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ও নবগ্রাম এলাকার কিছু স্কুলও উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার ছাড়পত্র পেতে পারে বলে দপ্তর সূত্রে জানা যাচ্ছে।  
এও জানা গিয়েছে, এই নির্দেশিকা মুর্শিদাবাদের সর্বশিক্ষা মিশনের ডিইও, কান্দি মহকুমার অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শক এবং সদর, লালবাগ ও জঙ্গিপুর মহকুমার সহকারী স্কুল পরিদর্শকদের কাছেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ পাঠানো হয়েছে। সমগ্র রিপোর্ট জমা পড়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জেলা শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে।
ওই স্কুলগুলিতে বর্তমানে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয়। উচ্চ মাধ্যমিক স্তরে  উন্নীত হলে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পঠন পাঠানের ব্যবস্থা করা যাবে। ফলে অনেক পড়ুয়া এলাকার স্কুলে পড়ার সুযোগ পাবে। শিক্ষাদপ্তরের এক কর্তার কথায়, রাজ্য সরকারের বদন্যতায় এই জেলায় শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে।