সংবাদদাতা, বহরমপুর: প্রবল বৃষ্টিতে বহরমপুর শহরের গোরাবাজারে রাস্তার একপাশে বিস্তীর্ণ এলাকায় ধস নেমেছিল। বর্তমান পত্রিকায় এবিষয়ে খবর প্রকাশিত হতেই পুর কর্তৃপক্ষ ধসে যাওয়া রাস্তা সংস্কার শুরু করল। বহরমপুর পুরসভার এক আধিকারিক বলেন, নাগরিকদের সমস্যা দূর করতে আমরা রাস্তাটি চলাচলের উপযুক্ত করে তুলেছি। বৃষ্টি থামলে রাস্তাটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।
গত বুধবার সন্ধ্যায় ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টিতে গোরাবাজারে রাস্তার একপাশে বিপজ্জনক ধস নামে। মোহন মোড় এলাকায় রাস্তার একপাশ দু’-আড়াই ফুট পর্যন্ত বসে যায়। ফলে যান চলাচলে বড় সমস্যা দেখা দেয়। বুধবার রাতেই বেশ কয়েকটি টোটো ও বাইক দুর্ঘটনার কবলে পড়েছিল। যদিও কেউ হতাহত হননি। শুক্রবার ‘বর্তমান পত্রিকা’য় বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়। তারপরই পুর কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় ধসকবলিত এলাকা সংস্কারে হাত লাগায়। রবিবারের মধ্যে রাস্তাটি বিপন্মুক্ত করা হয়। মাটি ভরাট করার পাশাপাশি কোথাও কোথাও ইট বিছিয়ে চলাচলের উপযুক্ত করা হয়। বহু জায়গায় রাস্তার পাশে জমে থাকা মাটিও সমান করে দেওয়া হয়েছে। সেদিনের পর থেকে বৃষ্টির বিরাম নেই। বৃষ্টির দাপট কমলে রাস্তাটি আরও মজবুত করে সংস্কার করে দেওয়া হবে। এমনই আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ। গোরাবাজার এলাকার ব্যবসায়ী বিজয় রজক বলেন, চোখের সামনে তিনটি টোটোকে দুর্ঘটনার কবলে পড়তে দেখেছিলাম। এত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে ভাবিনি। বর্তমান পত্রিকায় খবর প্রকাশের পরই পুরসভা ব্যবস্থা নিয়েছে। কলেজঘাট থেকে সূর্য সেন রোড পর্যন্ত মাটির তলা দিয়ে পানীয় জলের পাইপলাইনের কাজের জন্যই এই ধস নেমেছিল। স্থানীয় বাসিন্দা অর্ণব মজুমদার বলেন, পুরসভার এত তৎপরতা আগে কখনও নজরে আসেনি। আপাতত দুর্ভোগ মিটেছে। তবে রাস্তাটি পুরোপুরি সংস্কার করা হোক।