খেজুরির ঐতিহ্যবাহী হালিম শাহের দিঘি সংস্কারের উদ্যোগ
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: খেজুরির ঐতিহ্যবাহী হালিম শাহের দিঘি সংস্কারের উদ্যোগ শুরু হয়েছে। শুধু সংস্কার নয়, এর চারদিকে পাড় বাঁধানো সহ সৌন্দর্যায়ন করা হবে। দীর্ঘ কয়েক দশক ধরে বিশালাকার এই দিঘি মজে পড়ে রয়েছে। বর্তমানে দিঘিটি ঘন কচুরিপানায় ঢেকে গিয়েছে। কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কেন্দ্রীয় সরকারের ‘অমৃত সরোবর’ প্রকল্পের মাধ্যমে দিঘিটি সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে পঞ্চায়েত ও ব্লক প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা দিঘি পরিদর্শন করেন। সেখানে সংস্কারের কাজের প্রাথমিক পরিকল্পনা করা হয়। খুব শীঘ্রই এব্যাপারে উদ্যোগ শুরু হবে বলে জানা গিয়েছে।  

Advertisement

স্থানীয় ইতিহাসবিদদের মতে, হালিম শাহের দিঘি অন্তত ৫০০ বছরের প্রাচীন। খেজুরি এলাকায় জনবসতি গড়ে ওঠার সময় থেকেই এই দিঘির অস্তিত্ব রয়েছে। খেজুরিতে সপ্তদশ শতকে বন্দর গড়ে উঠেছিল। কিন্তু, হুগলি নদীর নিকটবর্তী স্থানে হওয়ায় বারবার খেজুরি প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছে। ১৮৬৪সালের ৫অক্টোবর খেজুরি গ্রাম বড়োসড়ো ঘূর্ণিঝড় ও প্রবল বন্যায় ধ্বংস হয়ে যায়। ভৌগলিকভাবে ধারণা করা হয়, ওই সময়ই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রবল বন্যায় জলরাশি জমা হয়ে প্রাকৃতিকভাবে বৃহৎ এই দিঘির সৃষ্টি হয়েছে। 
হালিম শাহের দিঘি নাম হল কেন? ইতিহাসবিদরা বলছেন, হালিম শাহ নামে এক বণিক নদীপথে আসার পথে এই এলাকায় আশ্রয় নিয়েছিলেন। কেউ কেউ বলেন, হালিম শাহের তত্ত্বাবধানে দিঘি খনন করা হয়েছিল। দিঘির পাড়ে স্থানীয় জয়চণ্ডী মন্দিরের কাছে তাঁর নৌকা বাঁধা থাকত। পরবর্তীকালে লোকমুখে এটি হালিম শাহের দিঘি নামকরণ হয়েছে। এই দিঘিকে ঘিরে নানা কাহিনি ছড়িয়ে রয়েছে। তবে হিসাব অনুযায়ী, একটা সময় দিঘি সহ আশপাশে প্রায় ৮০বিঘা জায়গা ছিল। বর্তমানে বহু জায়গা বেদখল হয়ে জনবসতি গড়ে উঠেছে। বর্তমানে মাত্র ২২বিঘা অবশিষ্ট রয়েছে। তাই সর্বপ্রথম বেদখল হয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধার করাই লক্ষ্য প্রশাসনের। তারপর বাকি উদ্যোগ শুরু হবে। দিঘির পাড়েই রয়েছে প্রাচীন জয়চণ্ডী মন্দির। বর্তমানে ছোটো মন্দির থাকলেও আগামী দিনে বড়ো মন্দির গড়ে তোলার পরিকল্পনা রয়েছে গ্রামবাসীদের। ওই দিঘির পাড়ে সরকারি উদ্যোগে জয়চণ্ডী মন্দিরের ঘাট তৈরি হবে। অর্থাৎ, জয়চণ্ডী মন্দির সংলগ্ন এলাকাকেও সৌন্দর্যায়নের আওতায় আনা হচ্ছে। খেজুরিতে রয়েছে দেশের প্রথম পোস্টঅফিস। যা বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে। ইতিপূর্বে পোস্টঅফিস হেরিটেজের তকমা পেয়েছে। রয়েছে ইউরোপিয়ান গ্রেভইয়ার্ড সহ অন্যান্য প্রাচীন নিদর্শন। সঙ্গে দিঘিটি নতুন সাজে সেজে উঠলে খেজুরির পর্যটনের একটি পালক হিসাবে জুড়বে, সেব্যাপারে কোনো সন্দেহ নেই। জানা গিয়েছে, এই দিঘির কচুরিপানা পরিষ্কারের পর  সংস্কারের পাশাপাশি চারদিকে পাড় বাঁধানো হবে। থাকবে ফুল-ফলের গাছ ও বাহারি পাতার গাছ। পর্যটকদের জন্য বসার আসন তৈরি হবে। চারপাশে বাতিস্তম্ভ লাগানো হবে। 
খেজুরি পঞ্চায়েতের প্রধান কালীপদ মণ্ডল বলেন, এলাকায় বেড়াতে আসা পর্যটকরা যাতে এই ঐতিহ্যবাহী দিঘি দর্শন এবং তার চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন, তারজন্য এই উদ্যোগ। ওই দিঘি দ্রুত যাতে সংস্কার সহ অন্যান্য কাজ হয়, সেব্যাপারে পঞ্চায়েতের তরফে প্রচেষ্টা চলছে।  খেজুরির আঞ্চলিক ইতিহাস গবেষক সুদর্শন সেন বলেন, হালিম শাহের দিঘি সংস্কার ও সৌন্দর্যায়নের পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি সংস্কারের কাজ হলে খেজুরির পর্যটনের আরও একটি দিক খুলে যাবে বলে আমাদের ধারণা।