Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

উত্তরবঙ্গ মেডিকেলে জঞ্জাল অপসারণে উদ্যোগ রোগীদের জন্য চালু স্টেইনলেস স্টিলের থালা

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের জঞ্জাল অপসারণ এবং সৌন্দর্যায়নে উদ্যোগী হল শিলিগুড়ি পুরসভা ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।

উত্তরবঙ্গ মেডিকেলে জঞ্জাল অপসারণে উদ্যোগ রোগীদের জন্য চালু স্টেইনলেস স্টিলের থালা
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের জঞ্জাল অপসারণ এবং সৌন্দর্যায়নে উদ্যোগী হল শিলিগুড়ি পুরসভা ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এনিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মুখ্য সচিব আর বিমলা। বৈঠক শেষে হাসপাতালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।

Advertisement

হাসপাতালে রোগীর পরিজনদের থাকার সুবিধার জন্য একটি নাইট সেল্টার তৈরির পাশাপাশি হাসপাতালের সামনের খোলা জায়গায় বাগান তৈরির সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন করে নিকাশি ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়। বিষয়গুলি নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন আর বিমলা।
শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সামনে থাকা কোচবিহার ভবনও পরিদর্শন করেন তিনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, এদিন থেকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের স্টেইনলেস স্টিলের থালায় খাবার দেওয়ার ব্যবস্থা চালু হল। সম্প্রতি রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এন স্বরূপ নিগম হাসপাতাল পরিদর্শনে এসে রান্নাঘরের বেহাল দশা এবং রোগীদের খাবার পরিবেশনের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি সাফ জানিয়েছিলেন রোগীদের খাবারের জন্য রাজ্য সরকার বরাদ্দ বৃদ্ধি করেছে, কাজেই সেই অনুযায়ী উন্নতমানের খাবার ভালো মতো পরিবেশনের নির্দেশ দেন তিনি।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষ স্টেইনলেস স্টিলের থালা কেনার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়। অবশেষে শনিবার থেকে প্রতিটি রোগীকে স্টিলের থালায় খাবার দেওয়া শুরু হয়। ব্যবস্থার উদ্বোধনে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডাঃ কৌশিক ঈশোর,অ্যাডিশনাল সুপার ডাঃ নন্দন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য আধিকারিকরা। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ