Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট বিশ্ববিদ্যালয়ে সাতটি নতুন বিষয় চালুর উদ্যোগ, ভবন তৈরির জন্য জমি পরিদর্শন

বালুরঘাট বিশ্ববিদ্যালয়ে সাতটি নতুন বিষয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের সহযোগিতায় উন্নতির আশা। বিস্তারিত পড়ুন।

বালুরঘাট বিশ্ববিদ্যালয়ে সাতটি নতুন বিষয় চালুর উদ্যোগ, ভবন তৈরির জন্য জমি পরিদর্শন
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় মাত্র তিনটি বিষয় চালু রয়েছে। আরো সাতটি বিষয়ে চালুর জন্য রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরে একাধিকবার চিঠি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎকুমার রায় ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজে বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য রাজ্যকে জানিয়েছেন। 

Advertisement

এবার রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয় চালুর উদ্যোগ নিলো। নতুন বিষয় চালুর আগে বিশ্ববিদ্যালয়েকে চিঠি পাঠিয়ে জেলার আশপাশের কলেজগুলিতে ছাত্র সংখ্যা জানতে চেয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। সেই মতো রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরে ১২ ঘণ্টার মধ্যে এই তথ্য দিলেন উপাচার্য। শুধু তাই নয়, দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনের তরফ থেকেও বালুরঘাটের মাহিনগরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। 
ওই প্রশিক্ষণ কেন্দ্রটিতে আপাতত ক্লাস চালুর আবেদন রেখেছিল বিশ্ববিদ্যালয়। তাই এবারে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে আশায় বুক বাঁধছেন জেলার শিক্ষামহল। 
এই ব্যাপারে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয় চালুর ব্যাপারে রাজ্যকে চিঠি দিয়েছি। উচ্চশিক্ষা দপ্তর থেকে কিছু তথ্য আমাদের কাছে চেয়ে পাঠিয়েছিল। আমরা ১২ ঘণ্টার মধ্যে তা প্রদান করেছি। হাতে আর বেশি সময় নেই, তবুও আমরা চাইছি বিশ্ববিদ্যালয়ে সাতটি নতুন বিষয় চালু হোক। বিশ্ববিদ্যালয়ে আপাতত একটি ক্যাম্পাসের প্রয়োজন রয়েছে। এই ক্যাম্পাসের জন্য জেলা প্রশাসন আমাদের সহযোগিতা করছে। আশা করছি এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি হবে। 
বালুরঘাট বিধানসভার নবনির্বাচিত বিধায়ক বিদ্যুৎকুমার রায় বলেন, নতুন বিষয় চালুর বিষয়ে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে চিঠি দিয়ে কথা বলেছি। আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি নতুন শিক্ষাবর্ষে নতুন নতুন বিষয় চালু করার ব্যাপারে। জায়গা নিয়েও আলোচনা চলছে। 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় চালুর ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২১ সালে বালুরঘাটে ভাড়া বাড়িতে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়। তবে বিশ্ববিদ্যালয়ের জন্য মাহিনগরের নির্ধারিত জায়গা থাকলেও সেই জায়গাতে নানা জটিলতা দেখা দেয়। বালুরঘাটের মাহিনগরের ওই জায়গার পাশেই একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তার ভেতরে রয়েছে পুরনো নবোদয় বিদ্যালয়ের একটি ক্যাম্পাস।
ওই ক্যাম্পাসটি সংস্কার করলে আপাতত বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের কাজ চলতে পারে। তাই গতকাল জেলা প্রশাসনের একটি টিম সার্ভে করেছে। এদিকে, বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয় চালু করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ৩ আগস্ট থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান, অংক ও ইংরাজি বিভাগ চালু রয়েছে। এবার বাংলা, ইতিহাস, সংস্কৃত, কেমিস্ট্রি, এডুকেশন, দর্শন, ভূগোলের মতো বিষয়গুলি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ