নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাকে পুরসভার অন্তর্ভুক্ত করার উদ্যোগ শুরু হয়েছে। স্থানীয় বিধায়ক তথা শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এখানকার মানুষ রাজ্য সরকারের যেসব প্রকল্প রয়েছে, তার সুবিধা পান না। তিনদিন ধরে যে সেবা সেতু প্রকল্প চলছিল, পুরসভার অধীনে না থাকায় সেই ধরনের ক্যাম্প এখানে করতে খুবই সমস্যা হচ্ছিল। এসডিও নিজে বিষয়টি দেখছেন।’
এই এলাকাকে পুরসভার অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। অর্জুন বলেন, ‘অত্যন্ত প্রাচীন ক্যান্টনমেন্ট বোর্ড এটি। বর্তমানে নির্বাচিত বোর্ড নেই। কয়েক হাজার মানুষের বসবাস। রাস্তাঘাট, আলো, জল জমা নিয়ে মানুষের বিস্তর অভিযোগ রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে সবুজ সংকেত পেলে ক্যাবিনেটে বিষয়টি পাশ করাতে হবে। উত্তর বারাকপুর পুরসভার সঙ্গে সংযুক্ত করা হবে বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাকে।’
অর্জুন সিংয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, সদর বাজার, আর্দালি বাজারসহ বিস্তীর্ণ এলাকায় রাস্তাঘাট ভাঙা। একটু বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। নর্দমা উপচে নোংরা জল রাস্তায় চলে আসছে। যাতায়াতে খুবই অসুবিধা। যেকোনো পুরসভায় যুক্ত হলে পুর কর্তৃপক্ষকে অন্তত সমস্যার কথা জানানো যাবে। তাই অবিলম্বে বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাকে পুরসভার অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন তাঁরা।