নবদ্বীপ ফেরিঘাটে পৃথক ওঠা ও নামার রাস্তা তৈরির উদ্যোগ
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ ফেরিঘাটে পৃথক ওঠা ও নামার রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে নবদ্বীপ জলপথ পরিবহণ সমবায় সমিতি। আসন্ন রাসযাত্রায় যাত্রীদের ভিড় সামাল দিতে নবদ্বীপ ফেরিঘাটে পৃথক  রাস্তা তৈরির সিদ্ধান্ত। এতদিন নবদ্বীপ থেকে স্বরূপগঞ্জ ফেরিঘাটে যাতায়াতের জন্য নৌকায় ওঠানামার ক্ষেত্রে একটি মাত্র পথই ব্যবহার করতে হয়। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করায় সমস্যা পড়তে হয়। আর রাস উৎসবে লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম হবে। তখন সমস্যা আরও বাড়ে। সেই সমস্যা মেটাতেই নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।

Advertisement

নতুন রাস্তা তৈরি হলে যাত্রীরা জেটির রাস্তা দিয়ে সহজেই স্বরূপগঞ্জ যাবার নৌকায় উঠতে পারবেন। পাশাপাশি স্বরূপগঞ্জ থেকে নবদ্বীপে নৌকা করে জেটিতে পৌঁছে বাঁশের মাচার পথ হয়ে নদী বরাবর কংক্রিটের তৈরি রাস্তা দিয়ে নবদ্বীপ ঘাটে এসে উঠবেন। যাত্রীদের ওঠা ও নামার জন্য পৃথক রাস্তা চালু হলে সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
ফেরিঘাট সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটের জেটির রাস্তা বরাবর নদী পাড় ঘেঁষে প্রায় ৭০ ফুট কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে। ওই রাস্তার শেষ প্রান্ত থেকে বাকি প্রায় ৫০ ফুট পথ জলের উপরে বাঁশের মাচার রাস্তা দিয়ে গিয়ে জেটিতে পৌঁছানো যাবে। গোটা প্রকল্পের জন্য আনুমানিক ১০ লক্ষ টাকা খরচ ধরা হয়েছে।
মাজদিয়ার বেলডাঙার বাসিন্দা দীপ্তি দেবনাথ বলেন, দোল, ঝুলন, রাস, রথযাত্রা উৎসব অনুষ্ঠানের ভিড়ের সময় স্বরূপগঞ্জ ঘাটে ওঠা ও নামার জন্য আলাদা দু’টি পথ থাকলেও নবদ্বীপের দিকে এতদিন সেই সুবিধা নেই। ফলে যাতায়াতে সমস্যায় পড়তে হয়। ঘাট কর্তৃপক্ষ নতুন করে একটি রাস্তা তৈরি করলে যাতায়াতের অনেক সুবিধা হবে। স্বরূপগঞ্জের বাসিন্দা শিক্ষক বলরাম দাস বলেন, প্রতিদিন ভাগীরথী পার হয়ে নবদ্বীপে যেতে হয়। দোল পূর্ণিমা, ঝুলন, শ্রাবণ মাসের শিবনিবাসের জল ঢালা, রাস পূর্ণিমার সময় স্বরূপগঞ্জ ঘাটে নৌকায় ওঠা ও নামার পৃথক রাস্তা থাকলেও নবদ্বীপের ফেরিঘাটে সেই ব্যবস্থা ছিল না। নতুন রাস্তা তৈরি হলে সেই সমস্যা অনেকটাই কমবে। 
নবদ্বীপ জলপথ পরিবহণ সমবায় সমিতির সম্পাদক সুশান্ত হালদার বলেন,অতিরিক্ত ভিড় সামাল দিতে অনেক দিন ধরেই পৃথক এই রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবে রূপায়িত হচ্ছে। রাসের আগেই কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রী সাধারণের পরিষেবার কথা মাথায় রেখেই জলপথ পরিবহণ সমবায় সমিতির নিজস্ব তহবিল থেকে এই রাস্তা তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই রাস্তা চালু হলে স্থানীয় বাসিন্দা, স্কুলপড়ুয়া থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী উপকৃত হবেন।