Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগে ৮১টি নতুন নিকাশি নালা তৈরির উদ্যোগ

সামনেই বর্ষা। আরামবাগ শহরে নিকাশি নিয়ে ফের উদ্বেগ বাসিন্দাদের মধ্যে। যদিও পুরসভার দাবি, শহরের বিভিন্ন ওয়ার্ডের জন্য নতুন ৮১ টি ড্রেন তৈরি করতে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যের কাছে

আরামবাগে ৮১টি নতুন নিকাশি নালা তৈরির উদ্যোগ
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সামনেই বর্ষা। আরামবাগ শহরে নিকাশি নিয়ে ফের উদ্বেগ বাসিন্দাদের মধ্যে। যদিও পুরসভার দাবি, শহরের বিভিন্ন ওয়ার্ডের জন্য নতুন ৮১ টি ড্রেন তৈরি করতে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যের কাছে। প্রকল্পগুলির জন্য প্রায় ছয় কোটি টাকার বরাদ্দ চেয়ে আবেদন করেছে পুরসভা। আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি বলেন, শহরের মধ্যে বর্ষায় নিকাশি নিয়ে সমস্যা হবে না। বহু নতুন ড্রেন তৈরি হয়েছে। জল নেমে যাবে দ্রুত। তবে বিভিন্ন ওয়ার্ডে নতুন বহু ড্রেন তৈরি করতে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন মিললে কাজ শুরু হবে। 
আরামবাগ পুরসভায় ১৯ টি ওয়ার্ড। শহরের প্রাণ কেন্দ্র ওয়ার্ডগুলিতে রয়েছে ভুগর্ভস্থ হাই ড্রেন। অন্যান্য বহু শাখা ড্রেনের সঙ্গে তার সংযুক্তি হয়েছে। সংশ্লিষ্ট হাই ড্রেন শহরের বাইরে কানা দ্বারকেশ্বরের সঙ্গে মিশেছে। কিন্তু নতুন করে গড়ে ওঠা নানা কলোনিতে পর্যাপ্ত ড্রেনের অভাব রয়েছে। তার জেরে বর্ষায় সেখানে জল জমার আশঙ্কা করছেন বাসিন্দারা। সম্প্রতি বিবেকানন্দ পল্লি এলাকায় অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। ওই অবস্থাতেই পারাপার করতে হয় পথচারীদের। যদিও পুরসভা সেখানে জল কাটানোর কাজও করেছে। কিন্তু স্থায়ী নিকাশি না হলে ফের জল জমার আশঙ্কাও করছেন বাসিন্দারা। নিকাশি নালা নিয়ে বিরোধীরাও পুরসভার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। এই ব্যাপারে আরামবাগ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ বলেন, আরামবাগ শহরে নিকাশি ব্যবস্থা বেহাল। বহু জায়গায় ড্রেনের প্রয়োজন। কিন্তু সেগুলি হচ্ছে না। হাই ড্রেন থেকে আবর্জনা নিয়মিত পরিষ্কারও হয়না। তরফলে এবারের বর্ষায় বিভিন্ন ওয়ার্ড ফের জল মগ্ন হওয়ার পরিস্থিতি হতে পারে। পুরসভা এই ব্যাপারে উদাসীন।  যদিও চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়মিত ড্রেন পরিষ্কার করা হচ্ছে। বিশেষ যন্ত্রের সাহায্যে আবর্জনা তোলার ব্যবস্থাও করা হয়েছে। বিজেপির মিথ্যে অভিযোগ করাই কাজ। ওদের কথার কোনও গুরুত্ব নেই। 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত তিন বছরে দফায় দফায় ড্রেন তৈরির প্রস্তাব রাজ্যের কাছে পাঠানো হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডের জন্যই নতুন ড্রেন তৈরির প্রয়োজনীয়তা রয়েছে। সর্বোচ্চ এক কিলোমিটার দীর্ঘ নিকাশি নালা তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে। পুরসভার দাবি, ইতিমধ্যে বেশ কিছু ড্রেন তৈরির প্রস্তাব এসেছে। সেগুলির কাজ চলছে। পুরসভার এক ইঞ্জিনিয়ার বলেন, শহরের মধ্যে কিছু ওয়ার্ডে আউটলেটের সমস্যা রয়েছে। তারফলে সেইসব এলাকায় জল জমার প্রবণতা রয়েছে। যদিও তার কাজ চলছে। শীঘ্রই এই ব্যাপারে সমাধান হবে।  নিজস্ব চিত্র

Advertisement

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ