নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমাজের বিশেষভাবে সক্ষমরা যাতে বিধানসভায় আসতে পারেন, সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁদের আসা-যাওয়া করতে এবং বসার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না-হয়, সে-সম্পর্কেই পদক্ষেপ করছে বিধানসভার সচিবালয়। ওইসঙ্গে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কার্যকর হতে চলেছে বিধানসভায়। বিদ্যুতের খরচ কমাতে সোলার সিস্টেম কার্যকর করা হচ্ছে।
অন্যদিকে, বিধানসভার নতুন ভবনের প্রস্তাবিত জায়গা পরিদর্শনের কাজ শুরু হতে চলেছে। রাজারহাট-নিউটাউনের কোথায় বিধানসভার নতুন ভবন তৈরি হতে পারে, কী পরিমাণ জমি প্রয়োজন এবং প্রয়োজনীয় পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে পরিদর্শন করবেন বিধানসভার আধিকারিকরা।
সম্প্রতি বিদেশ সফরে গিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। ব্রিটিশ পার্লামেন্ট পরিদর্শন করেন তিনি। সেখানে কী ধরনের ব্যবস্থা রয়েছে, সে-সম্পর্কে তথ্য সংগ্রহ করেন সরাসরি পরিদর্শনের মাধ্যমে। স্পিকার জানান, প্রত্যেক মনীষীর জন্মদিনে এবার থেকে দুটি করে বৃক্ষরোপণ করা হবে। শুক্রবার মহাত্মা গান্ধীর জন্মদিনে তারই সূত্রপাত হল। তিনি আরও জানান, ব্রিটিশ পার্লামেন্টে গেরুয়া রঙের ভিজিটর পাস দেওয়া হয়। তাঁর প্রশ্ন, ওই রঙের কার্ড পশ্চিমবঙ্গে ছাপানো হলে তা নিয়ে বিতর্ক তৈরি হয় কেন?