নিজস্ব প্রতিনিধি, মালদহ: জেলা প্রশাসনের উদ্যোগে ও সমবায় সমিতির সহযোগিতায় রবিবার উদ্বোধন হল ‘আমার মালদহ ক্যাফে’। মালদহ জেলা প্রশাসনিক ভবনের একেবারে বিপরীতে, শুভঙ্কর শিশু উদ্যান সংলগ্ন এলাকায় এই ক্যাফের এদিন উদ্বোধন হয়েছে। জেলার খাদ্যরসিকদের জন্য প্রশাসনের এই উদ্যোগ। মালদহ জেলার সংস্কৃতির ছোঁয়া সেই ক্যাফের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া হয়েছে। আদিনা থেকে গৌড়- বিভিন্ন এলাকার প্রসিদ্ধ দর্শনীয় স্থানের ছবিতে সুসজ্জিত হয়েছে এই ক্যাফেতে। আম থেকে মাখনা- সমস্ত খাবার এখানে মিলবে সুলভমূল্যে। থাকবে সব ধরনের কফি, চা থেকে মকটেল। অল্পবয়সী ও তরুণদের কথা মাথায় রেখে রাখা হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ কাটলেট ও বিভিন্ন স্ন্যাক্স। শীতাতপনিয়ন্ত্রিত এই ক্যাফেতে খাবারের পাশাপাশি থাকবে বইয়ের সম্ভার। খাবারের ফাঁকে উত্সাহীরা বইয়ের পাতাও উল্টে নিতে পারবেন। টেবিলে থাকবে দাবা, লুডো সহ নানা ধরনের খেলার সামগ্রী। এমনকি, আগামীতে বই বিক্রির কাউন্টারে মিলবে বিভিন্ন নামীদামী লেখক, সাহিত্যিকের বই। ক্যাফেতে চলবে বাংলা গান। সরাসরি গায়করাও গান পরিবেশন করতে পারবেন। চলবে মালদহের সেরা লোকগীতি গম্ভীরা। জেলা প্রশাসনের আধিকারিকদের তত্ত্বাবধানে এই ক্যাফে চলবে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই ক্যাফেটি দেখাশোনা করবেন। শুধু বসে খাবার খেতে পারবেন এমনটা নয়, চাইলে পার্সেলও করে নিয়ে যেতে পারবেন গ্রাহকরা।



