তেলেঙ্গানা কংগ্রেসে কোন্দল, মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ দলে
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: ক্ষমতায় আসার তিন বছর কাটতে না কাটতেই অসন্তোষ বাড়ছে তেলেঙ্গানা কংগ্রেসের অন্দরে। দলের নেতাদের একাংশের সমালোচনার মুখে পড়ছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। পালটা তিনি বলেছেন, ‘দলের কিছু নেতাকে যেন পাগলা কুকুরে কামড়েছে।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে অসন্তুষ্ট  কংগ্রেসের একাধিক বিক্ষুব্ধ নেতা।  সম্প্রতি দলের একাধিক বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর মতবিরোধ প্রকাশ্যে এসেছে। উন্নয়নের টাকা বণ্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ,  মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত ঘিরে দলে অসন্তোষ দানা বেধেছে। সদ্য মুনুগোড়ের কংগ্রেস বিধায়ক কোমাতিরেড্ডি রাজগোপাল রেড্ডি কড়া ভাষায় নিশানা করেন রেবন্তকে।  তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের বিধায়ক এবং মন্ত্রীদের কেন্দ্রগুলিতে উন্নয়নের জন্য বেশি অর্থ বরাদ্দ করা হচ্ছে। অন্যদিকে, যাঁরা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ নন, তাঁদের বিধানসভা এলাকায় প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের জন্য টাকা পাওয়া যাচ্ছে না। এই বৈষম্য চলতে থাকলে ফের রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এরপরেই পালটা আক্রমণ করেন রেবন্ত। বিক্ষুব্ধ বিধায়কদের নাম না করে তাঁদের উদ্দেশে কুমন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর ওই মন্তব্য ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজগোপাল রেড্ডি পালটা বলেন, ‘একজন মুখ্যমন্ত্রী কীভাবে নিজের দলের বিধায়কদের সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন?’ সরকারের দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এর আগে জাদচের্লার বিধায়ক জে অনিরুদ্ধ রেড্ডিও দলের অন্দরে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। দিল্লিতে মহাজোট ইন্ডিয়ার সমাবেশ চলাকালীন তেলেঙ্গানার মন্ত্রী দামোদর রাজনরসিমহা এবং জুক্কাল কেন্দ্রের বিধায়ক টি লক্ষ্মীকান্ত রাওয়ের মধ্যে বচসা হয়।

Advertisement