Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ভিসা বিতর্ক নিয়ে দায় এড়ালেন ইনফানতিনো

বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকার অভিবাসন নীতিতে বিপদে পড়েছেন বহু ফুটবলার, সাপোর্ট স্টাফ, রেফারি, এমনকি সাধারণ দর্শকরাও।

ভিসা বিতর্ক নিয়ে দায় এড়ালেন ইনফানতিনো
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেক্সিকো সিটি: বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকার অভিবাসন নীতিতে বিপদে পড়েছেন বহু ফুটবলার, সাপোর্ট স্টাফ, রেফারি, এমনকি সাধারণ দর্শকরাও। ভিসা পেতে কালঘাম ছোটার দশা। অনেকেই মার্কিন মুলুকে প্রবেশের অনুমতি পাননি। সবচেয়ে সমস্যায় পড়েছে ইরান ও ইরাক দল। আবার মায়ামি বিমানবন্দর থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে খোদ বিশ্বকাপের জন্য ফিফার মনোনীত সোমালিয়ার রেফারি ওমর আরটানকে। আয়োজক দেশের এমন অসংবেদনশীল মনোভাব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্নের মুখে ফিফার ভূমিকাও। অথচ বিষয়টিকে আমলই দিলেন না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। হাত ধুয়ে ফেললেন সুকৌশলে।

Advertisement

বিশ্বকাপ শুরুর আগে মেক্সিকো সিটিতে সাংবাদিক সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, কোনো দেশের নিরাপত্তা বা ভিসা সংক্রান্ত নিয়মকানুনে হস্তক্ষেপ করার অধিকার ফিফার নেই। তাঁর বক্তব্য, ‘আমরা সব সময়ই সমস্যার সুষ্ঠু সমাধানের চেষ্টা করে থাকি। কিন্তু আমরা তো আর বিশ্বের শাসক নই। নিরাপত্তা বা ভিসা নিয়ে আয়োজক দেশ কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের বিষয়। আমরা একটি ক্রীড়া সংস্থা মাত্র। খেলাটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখাই কাজ। বাকি বিষয়ে আমাদের হাত-পা বাঁধা।’ সোমালিয়ার রেফারি ওমর আরটানকে আমেরিকায় ঢুকতে না দেওয়ার প্রসঙ্গেও হেঁয়ালি করেছেন ইনফানতিনো। তাঁর কথায়, ‘বিষয়টি অবশ্যই দুর্ভাগ্যজনক। কিন্তু কিচ্ছু করার নেই। এই নিয়ে হট্টগোল নিরর্থক। মাথা ঠান্ডা রাখুন। আশা করছি, সমস্যার সমাধান হবে। কিন্তু আবার বলছি, আমাদের হাতে সব কিছু নেই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ