আবাসের টাকা পেলেও সরকারকে ফেরত দিতে অনীহা অযোগ্যদের
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আবাস প্রকল্পে রাজ্যের মধ্যে সবথেকে বেশি অযোগ্য উপভোক্তার খোঁজ পাওয়া গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনায়। অর্থাৎ, যেসব শর্তে এই টাকা পাওয়ার কথা, তা তাঁরা পূরণ না করেও প্রথম কিস্তির টাকা নিয়েছেন বলে অভিযোগ। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরানোর নির্দেশ দিলেও তা নিয়ে কোনো হেলদোল নেই তাঁদের মধ্যে। কয়েকদিন আগে ফের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন ব্লক প্রশাসন সেইসব প্রাপককে একাধিকবার চিঠি দিয়েছে। আরও একবার তা পাঠানো হবে বলে জানা গিয়েছে। জেলা সূত্রে খবর, এখনও পর্যন্ত ১০ হাজারের বেশি অযোগ্য উপভোক্তার মধ্যে মাত্র ২১ জন আবাসের প্রথম কিস্তির টাকা ফেরত দিয়েছেন। ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা ফেরানোর নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে সেইসব অযোগ্যদের আরও একবার চাপ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর জেলা ও ব্লক প্রশাসন তৎপর হয়েছে। ডায়মন্ডহারবারের সরিষায় প্রায় দেড়শোর কাছাকাছি অযোগ্য প্রাপক চিঠি পেয়েছেন। ভাঙড় ১ নম্বর ব্লকে সেই সংখ্যা ৩০০’র বেশি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ধৃত তৃণমূল নেতা শেখ জাহাঙ্গির তথা পুষ্পার খাসতালুক ফলতায় সর্বাধিক (দেড় হাজারের মতো) অযোগ্যের খোঁজ পাওয়া গিয়েছে। এছাড়াও বিভিন্ন ব্লকে এই সংখ্যা কোথাও পাঁচশো, কোথাও হাজারের কাছাকাছি। এ নিয়ে বিজেপির কটাক্ষ, এটাই ডায়মন্ডহারবার মডেল। প্রশ্ন হল, কী করে এত সংখ্যক অযোগ্য মানুষ সরকারি টাকা নিয়েছিল? তাহলে কি সেই সময় সমীক্ষা ঠিক মত হয়নি? কোথাও কি নেতারা প্রভাব খাটিয়ে তাঁদের আত্মীয় ও পরিচিতদের আবাসের টাকা পাইয়ে দিয়েছেন? এদিকে, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও উপভোক্তাদের একটি বড়ো অংশ টাকা পেলেও আবাসের কাজ শুরু করেননি। তাঁদেরও এবার চাপ দেওয়া হবে বলে ঠিক হয়েছে।