প্রীতেশ বসু, কলকাতা: ঘটনা ১: পুরুলিয়ার সূর্য আদক (নাম পরিবর্তিত)। পেশায় ঠিকামজুর। কিন্তু পরিবারের এক সদস্যের মাসিক আয় ১৫ হাজার টাকার বেশি হওয়ায় ‘বাংলার বাড়ি’ (বর্তমানে পশ্চিমবঙ্গ আবাস যোজনা) প্রকল্পে ‘অযোগ্য’ উপভোক্তা হিসাবে চিহ্নিত হয়েছেন তিনি। রাজ্যে পালাবদলের পর যে যাচাই প্রক্রিয়া চলে, তাতে তিনি ‘অযোগ্য’ প্রমাণিত হয়েছেন। তাই প্রথম কিস্তিতে পাওয়া ৬০ হাজার টাকা ফেরানোর নোটিস গিয়েছে তাঁর বাড়িতে। ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা ফেরাতে হবে।
ঘটনা ২: দক্ষিণ ২৪ পরগনার মনোজ হাজরা (নাম পরিবর্তিত) একজন কৃষক। আলাদা বসবাস করলেও পরিবারের অপর এক সদস্যের নামে আগেই আবাস প্রকল্পের সুবিধা মঞ্জুর হয়েছিল। তাই ‘অযোগ্য’ উপভোক্তা হিসাবে চিহ্নিত হয়েছেন তিনিও। বাড়ি তৈরির প্রাপ্ত অনুদানের সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে তাঁকে।
ঘটনা ৩: উত্তর দিনাজপুরের মিনাখা খাতুনের (নাম পরিবর্তিত) পরিবারের আড়াই একরের বেশি সেচযুক্ত জমি রয়েছে। তাই বাড়ি তৈরির অনুদান ফেরানোর নোটিস পৌঁছেছে তাঁর বাড়িতেও।
রাজ্যের তিন প্রান্তের তিনটি আপাত পৃথক ঘটনা। কিন্তু মিল এক জায়গায়! এফআইআর এড়াতে এঁরা প্রত্যেকে বাড়ি তৈরির জন্য প্রাপ্ত অর্থ সরকারকে ফিরিয়ে দিতে চান। বিডিও অফিসে গিয়ে সেকথা জানিয়েও এসেছেন। কিন্তু তাঁদের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে একসঙ্গে টাকা ফেরত দেওয়া তাঁদের পক্ষে কার্যত অসম্ভব। তাই মাসে ৪-৫ হাজার টাকা করে কয়েক কিস্তিতে সবটা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে কী করা উচিত, তা ভেবে কার্যত দিশাহারা সরকারি আধিকারিকরা। কারণ, ‘অযোগ্য’রা টাকা ফেরত দিতে চাইছেন না বলে রিপোর্ট দেওয়ার উপায় নেই। আবার তাঁদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে এককালীন টাকা ফেরতের জন্য চাপ দেওয়াও কঠিন। সূত্রের খবর, সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভার্চুয়াল বৈঠকে বিষয়টি তুলে ধরেন জেলার আধিকারিকরা।
পশ্চিমবঙ্গ আবাস যোজনায় প্রায় ১২ হাজার উপভোক্তাকে ‘অযোগ্য’ চিহ্নিত করা হয়েছে। মোট ১০টি শর্তের কোনো একটি লঙ্ঘিত হলেই অনুদান পাওয়ার কথা নয়। যাচাইয়ে সেই সব উপভোক্তাকে ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এঁদের টাকা ফেরতের ব্যাপারে সম্প্রতি কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সূত্রে গত ১৮ নভেম্বর জেলাশাসকদের চিঠি দিয়ে টাকা আদায়ের গতি বাড়াতে বলে পঞ্চায়েত দপ্তর। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত এবং সেই তথ্য পোর্টালে আপলোড করতে হবে। নবান্ন সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরতের হার পর্যালোচনা করা হবে। তার ভিত্তিতে ঠিক হবে, আদৌ কিস্তিতে টাকা ফেরতের মতো বিকল্প ব্যবস্থা করা যায় কি না। কারণ, প্রশাসনিক মহলের মতে, সব ‘অযোগ্য’দেরই আর্থিক পরিস্থিতি এতটা খারাপ হতে পারে না।



