নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত ১৪ নভেম্বর দিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলার প্যাভিলিয়নের উদ্বোধনে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর আক্ষেপ ছিল, ‘তোলাবাজি চলছেই। পুরোপুরি এখনও বন্ধ করা যায়নি। লগ্নিকারী এবং সাধারণ মানুষের মনে তাই প্রশ্ন উঠতেই পারে যে, প্রকৃত পরিবর্তন কি হয়েছে? নাকি একই জিনিস চলছে।’ এমনকি দু’দিন আগে দিল্লিতে এসে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ও জানিয়েছিলেন যে, শিল্পাঞ্চলের উপর যদি আঘাত আসে, তাহলে সরকার রেয়াত করবে না। যারা এধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, তারা যেন সতর্ক হয়ে যায়। কিন্তু কয়েকদিনের ব্যবধানেই আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রিই ঘুরে গেল রাজ্যের বিজেপি সরকার।
বুধবার দিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গ দিবসে অংশ নিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র স্পষ্টই বললেন, ‘পশ্চিমবঙ্গে কোথাও তোলাবাজি কিংবা সিন্ডিকেটরাজ নেই। কোনো গুণ্ডাগিরি হচ্ছে না। সেই কারণেই শিল্পায়ন হচ্ছে বাংলায়। আগে শিল্পায়নের খুঁটিপুজো শুরু হওয়া মাত্রই সিন্ডিকেটের আনাগোনা শুরু হয়ে যেত। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশে তা বন্ধ হয়েছে।’ এদিন রাজ্যের শিল্প ও বাণিজ্য রাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরবর্তী সাত মাসে পশ্চিমবঙ্গে প্রায় ৩৪ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এর ফলে অন্তত দু’থেকে পাঁচ লক্ষ পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে একইসঙ্গে মৌমিতা বলেছেন, ‘কিছু ক্ষেত্রে জমির সমস্যা আছে বটে। কিন্তু সরকার তা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে। খুব শীঘ্রই রাজ্যের জমি নীতি প্রকাশ হতে চলেছে।’
রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তর সূত্রে এদিনই দিল্লিতে জানানো হয়েছে, ‘স্টার্ট আপ পলিসি’র দিকে বিশেষভাবে নজর দিচ্ছে সরকার। এক্ষেত্রে বিশেষ সহযোগিতা কীভাবে করা সম্ভব, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংস্থার অফিস তৈরি, পরীক্ষাগার তৈরি কিংবা অর্থনৈতিক সহায়তার মতো সাহায্য করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। দ্রুত এব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কেন্দ্র-রাজ্য সমন্বয়ে বাংলার একাধিক রেল কোচ কারখানার সম্প্রসারণের পথেও হাঁটতে চলেছে সরকার।



