Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অশান্তিতে বিরক্ত শিল্পাঞ্চলবাসী তৃণমূলের কার্যালয়ে আগুন, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, গ্রেপ্তার ২০০

হিংসার লাগাম টানা যাচ্ছে না পশ্চিম বর্ধমান জেলায়। বিজেপি বিধায়ক ও নেতাদের কড়া বার্তার পরেও জ্বলছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, ভাঙচুরের ঘটনাও অব্যাহত।

অশান্তিতে বিরক্ত শিল্পাঞ্চলবাসী তৃণমূলের কার্যালয়ে আগুন, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, গ্রেপ্তার ২০০
  • ৭ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: হিংসার লাগাম টানা যাচ্ছে না পশ্চিম বর্ধমান জেলায়। বিজেপি বিধায়ক ও নেতাদের কড়া বার্তার পরেও জ্বলছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, ভাঙচুরের ঘটনাও অব্যাহত। এই পরিস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে দুষ্কৃতীদের কড়া বার্তা দিলেন জেলাশাসক পোন্নমবলম এস ও পুলিশ কমিশনার প্রণব কুমার। তাঁরা জানান, কোনো রকম অশান্তি বা হিংসার ঘটনার চেষ্টা হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এখনও পর্যন্ত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে, বুধবার দলীয় কার্যালয়ে আগুন লাগানো, ভাঙচুরের অভিযোগ নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিরা। শুধু তৃণমূলের প্রতিনিধিরাই নন, তৃণমূলের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর থানায় এসে লিখিত অভিযোগ  করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। 

Advertisement

মঙ্গলবার রাতে আসানসোল থেকে বার্নপুর যাওয়া মূল রাস্তার উপরই আতঙ্ক ছড়ায়। কোর্ট মোড়ের কাছে আসানসোল পুরসভার ৫২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়টি দাউ দাউ করে জ্বলতে থাকে। জনবহুল এলাকায় এই ঘটনায় ভীতির পরিবেশ তৈরি হয়। বেশ কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। যদিও ততক্ষণে পার্টি অফিসটি ভষ্মীভূত হয়ে গিয়েছিল। রাতেই ঘটনাস্থলে যান আসানসোল উত্তরের পদ্ম বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বিজেপি জেলা সাধারণ সম্পাদক অপূর্ব হাজরারা। ঘটনাস্থলে চলে আসেন পুলিশ কমিশনার প্রণব কুমারও। আসানসোলের গোধুলিতে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস বিজেপি দখল করে নিয়েছে বলে অভিযোগ ওঠে। পার্টি অফিস ছাড়াও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে অণ্ডালের একটি স্বাস্থ্য কেন্দ্র। রাতের অন্ধকারে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। বহু প্রয়োজনীয় জিনিস পুড়ে যায়। ফল ঘোষণার তৃতীয় দিনেও হিংসা বন্ধ না হওয়ায় দুর্গাপুর থানায় হাজির হন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি হিংসা বন্ধের পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ করেন। লক্ষ্মণবাবু বলেন, আমি সবার বিধায়ক। কোনো হিংসা বরদাস্ত করা হবে না। পুলিশকে বলেছি প্রয়োজনে আমার অভিযোগের ভিত্তিতে দল না দেখে দুষ্কৃতীদের গ্রেপ্তার করুন। 
হিংসা বন্ধের বার্তা নিয়ে বুধবার জেলাশাসক পোন্নমবলম এস সাংবাদিক সম্মেলন করেন। ছিলেন পুলিশ কমিশনার প্রণব কুমার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর এক শীর্ষ কর্তা। জেলাশাসক বলেন, ভোট যেভাবে হিংসা মুক্ত হয়েছে ভোট পরবর্তী হিংসাও কোনো মতেই বরদাস্ত করা হবে না।  পুলিশ কমিশনার প্রণব কুমার বলেন, ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় কার্যালয়, ধর্মীয় স্থান, সরকারি অফিসগুলির কোনো অবস্থার পরিবর্তন করা যাবে না। তিনি জানান, ১০০, ১১২ ডায়াল করেও অভিযোগ জানাতে পারেন। 
এদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, দলের জেলা চেয়ারম্যান হরেরাম সিং এদিন বিকালে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেন। বর্ষীয়ান তৃণমূল নেতারা জানান, বিজেপি বিধায়করা যা বলছেন ঘটনা কিন্তু তার উলটো হচ্ছে। পুলিশ ২০০ জনকে গ্রেপ্তারের কথা বলছে, কিন্তু আমরা বাস্তবে সেটা দেখছি না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ