Bartaman Logo
১০ জুন, ২০২৬

সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত স্থগিতই সিন্ধু চুক্তি, সাফ বার্তা বিদেশমন্ত্রীর

সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত স্থগিতই সিন্ধু চুক্তি, সাফ বার্তা বিদেশমন্ত্রীর
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সিন্ধুর জল না পেয়ে বিপর্যস্ত পাকিস্তান। মুখে যতই হুঙ্কার দিক ইসলামাবাদ, সংঘাতের আড়ালে পাকিস্তান সরকার ভারতকে অনুরোধ করেছে সিন্ধু জল চুক্তি নিয়ে বিবেচনা করতে। ভারত বহু বছর ধরে সিন্ধু জল চুক্তি নতুন করে চুক্তি পর্যালোচনার আহ্বান জানিয়ে এসেছে। এখন পরিস্থিতির চাপে পেড়ে এতদিন পর সেই বিষয়েও কথা বলতে রাজি পাকিস্তান। সিন্ধুর জল ভারত আটকে দেওয়ায় এই গ্রীষ্মে তারা এতটাই বিপাকে যে, ভারতের শর্ত মেনেও নতুন চুক্তিতে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে। এব্যাপারে পাকিস্তানের জল সম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মূর্তাজা ভারতের কাছে চিঠিও দিয়েছেন। শুধু নয়াদিল্লির কাছেই পাকিস্তান আবেদন নিবেদন করছে, এমন নয়। জানা যাচ্ছে, সার্ক থেকে আমেরিকা, আন্তর্জাতিক স্তরেও তারা দরবার শুরু করেছে। যদিও পাকিস্তানের এই কাকুতি-মিনতিতে চিঁড়ে ভিজবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে সন্ত্রাসবাদ নিয়ে। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। সীমান্তপারের সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু চুক্তি স্থগিতই থাকবে।

Advertisement

ভারতের জল সম্পদ মন্ত্রকের কাছে পাঠানো চিঠিতে দুই দেশের সিন্ধু জল কমিশনারের মধ্যে একটি বৈঠক ডাকার আর্জি জানিয়েছে  পাকিস্তান। প্রসঙ্গত ২০২২ সাল থেকে ভারত চারবার পাকিস্তানকে জানিয়েছে যে, সিন্ধু চুক্তি নিয়ে কিছু সংশোধন করে নতুন  শর্তাবলী অন্তর্ভুক্ত করা দরকার। ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে পুরনো চুক্তিতে। কিন্তু পাকিস্তান এই  অনুরোধ ও প্রস্তাবে গুরুত্ব দেয়নি। ১৯৬০ সাল থেকে চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি। পাকিস্তান ২০২৩ সালে জল কমিশনার স্তরের বৈঠকে রাজি হয়। কিন্তু ভারত সরকার স্পষ্ট জানায় যদি বৈঠক হয় তাহলে সরাসরি সরকারি স্তরে করতে হবে। কারণ জল কমিশনার স্তরের সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণের কোনও ভূমিকা ও অধিকার নেই। কিন্তু পাকিস্তান সেই প্রস্তাবেও উচ্চবাচ্য করেনি। এবার চাপে পড়ে কাতর আর্জি জানিয়েছে তারা। পহেলগাঁও কান্ডের পর 
ভারত প্রথম যে ধাক্কা দিয়েছে সেটি হল, সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া। এরপর আবার বাগলিহার বাঁধের জলও ছেড়েছে ভারত। ফলে উভয়ত সঙ্কটে পাকিস্তান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ