Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইন্দাসে মেলা থেকে টোটো চুরি, ধৃত ৩

ইন্দাসে মেলা থেকে টোটো চুরি, ধৃত ৩
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: ইন্দাসের রোলের মিলন মেলায় দর্শনার্থী নিয়ে যাওয়া টোটো চুরির অভিযোগে পুলিস তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শেখ ফিরোজ, শেখ রাজা ও শেখ সোহরাবউদ্দিন ওরফে ইন্তাজ। তাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। পুলিস জানিয়েছে, কয়েকদিন আগে ইন্দাসের হরিপুর গ্রামের বাসিন্দা অখিল মেটে রোলের মিলন মেলায় দর্শনার্থী নিয়ে গিয়েছিলেন। রাত ১০টা নাগাদ সেখান থেকেই তাঁর টোটোটি উধাও হয়ে যায়। তিনি ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনার তদন্তে নেমে ওই তিনজনকে গ্রেপ্তার করে। 
Advertisement
উল্লেখ্য, কয়েকমাস আগে ইন্দাস এলাকায় টোটো চুরির একটি চক্র সক্রিয় হয়েছিল। একের পর এক টোটো চুরি যাচ্ছিল। এমনকী বাড়ির উঠান থেকেও টোটো উধাও হয়ে যাচ্ছিল। তাতে টোটো চালকরা শঙ্কায় ভুগছিলেন। ওই ঘটনায় পুলিস ছ’জনকে গ্রেপ্তারের পর সেই কাজ সাময়িক বন্ধ থাকে। পুলিসি ধরপাকড়ের কারণে মাঝে কিছুদিন টোটো চুরির অভিযোগ পাওয়া যায়নি। গোটা চক্রটিকে জেলবন্দি করা গিয়েছে ভেবে পুলিস মহলেও স্বস্তি ফিরেছিল। কিন্তু, গত ১১ জানুয়ারি ইন্দাসের মিলন মেলা থেকে ফের একটি টোটো চুরি হওয়ার অভিযোগ আসতেই পুলিসের উদ্বেগ বাড়ে। নতুন করে ফের টোটো চক্র সক্রিয় হয়েছে দেখে পুলিস নড়েচড়ে বসে। অভিযোগ পেতেই পুলিস দ্রুত তদন্ত নামে। প্রথমে খণ্ডঘোষের বাসিন্দা সোহরাবউদ্দিনকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে বর্ধমান সদর থানার ফিরোজ ও রাজাকে গ্রেপ্তার করা হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সোহরাবউদ্দিন এলাকা থেকে টোটো চুরি করে তা ফিরোজ ও রাজার হাতে তুলে দিত। তারা ওই টোটোর পার্টস খুলে তা পাচার করে দিত। আগের চক্রটির সঙ্গে নতুন এই চক্রটির কোনও যোগ রয়েছে কি না পুলিস তা খতিয়ে দেখছে। 
সম্পর্কিত সংবাদ