সংবাদদাতা, বিষ্ণুপুর: মঙ্গলবার সন্ধ্যায় মামারবাড়িতে লুকোচুরি খেলার নাম করে সাড়ে পাঁচ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম সঞ্জয় রায়। বাড়ি ইন্দাস থানা এলাকায়। অভিযোগ, ধৃত যুবক ওই শিশুকন্যাকে লুকোচুরি খেলার নাম করে বাথরুমে ঢুকিয়ে যৌন নির্যাতন চালায়। পরে শিশুর মা চলে আসায় সঞ্জয় পালিয়ে যায়। মেয়ের কাছে বর্ণনা শোনার পর পরিবারের পক্ষ থেকে ইন্দাস থানায় অভিযোগ দায়ের করা হয়। রাতেই পুলিস সঞ্জয়কে গ্রেপ্তার করে।
Advertisement
বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, মঙ্গলবার রাত ৮টা নাগাদ ইন্দাস থানা এলাকার বাসিন্দা এক মহিলা তাঁর মেয়ের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ জানান। পুলিস দ্রুত পদক্ষেপ নেয়। অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতা শিশুকন্যাটি মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে মামারবাড়িতে যায়। মা সেলাইয়ের কাজ করছিলেন। শিশুকন্যাটি বাইরে খেলা করছিল। ওই সময় প্রতিবেশী যুবক সঞ্জয় শিশুটিকে ডেকে দু’জনে লুকোচুরি খেলে। সঞ্জয় শিশুকন্যার মামারবাড়িরই বাথরুমে লুকিয়ে পড়ে। তাকে খুঁজতে বাথরুমে গেলে সেখানেই তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। শিশুটির চিৎকার শুনে তার মা ঘর থেকে বেরিয়ে এলে সঞ্জয় পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে ইন্দাস ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুকন্যার মা বলেন, বাপেরবাড়ির প্রতিবেশী সঞ্জয়। আমার মেয়ে ওকে চেনে। তাই লুকোচুরি খেলতে চলে যায়। কিন্তু সে যে আমার মেয়ের এতবড় সর্বনাশ করবে তা ভাবতে পারিনি। দোষীর চরম শাস্তি চাই।



