Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ইন্দপুরে সাতকোটি টাকা রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ

ইন্দপুরে সাতকোটি টাকা রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ভোটের প্রচার চলাকালীন ইন্দপুর ব্লক এলাকার বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিলেন। ভোটের পর রাস্তা সংস্কার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৎকালীন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। নির্বাচনে জয়লাভের পরেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এব্যাপারে চিঠি লেখেন। সম্প্রতি রাজ্য সরকারের তরফে ওই রাস্তা সংস্কারের জন্য সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই টাকায় ইন্দপুরের ডাঙ্গারামপুর থেকে গুন্নাথ পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তার আমূল সংস্কার হবে। ওই রাস্তাটি ইন্দপুর ও তালডাংরা ব্লক এলাকার মধ্যে যোগাযোগ রক্ষা করে। সাংসদ তাঁর দেওয়া  প্রতিশ্রুতি পূরণ করায় খুশি ইন্দপুর ও তালডাংরা ব্লক এলাকার বাসিন্দারা। 
Advertisement
অরূপবাবু বলেন, তৃণমূল সরকারের আমলে জঙ্গলমহলে অনেক কাজ হয়েছে। কিছু গ্রামীণ রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। লোকসভা ভোটের প্রচার করতে আমি ইন্দপুর ও তালডাংরা ব্লকের সীমানা ঘেঁসা ওইসব এলাকায় গিয়েছিলাম। তখন স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি জানান। আমি তাঁদের রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছিলাম। সেইমতো ভোটে জেতার পর মুখ্যমন্ত্রীকে সমস্যার কথা জানিয়ে চিঠি লিখেছিলাম। তিনি অর্থ বরাদ্দের ব্যবস্থা করেন। সরকারের তরফে জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। 
বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন বলেন, সাংসদের তদ্বিরে ইন্দপুরে রাস্তা সংস্কারের জন্য মোট ৬ কোটি ৯৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। তারমধ্যে প্রায় সাড়ে ছ’কোটি টাকা খরচ করে রাস্তা সংস্কারের কাজ হবে। বাকি টাকা ভবিষ্যতের রক্ষণাবেক্ষণের জন্য রেখে দেওয়া হবে। রাজ্য গ্রামোন্নয়ন সংস্থা ওই রাস্তা সংস্কারের কাজ করবে।     
ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি বলেন, ওই পিচ রাস্তাটি দীর্ঘদিন সংস্কার হয়নি। ফলে সেটি খানাখন্দে ভরে গিয়েছে। রাস্তার উপর প্রায় ৫০টি গ্রামের মানুষ চলাচল করেন। ওই রাস্তা দিয়ে দুটি বাসও চলাচল করে। বর্ষায় ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে সমস্যা হয়। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। সাংসদ প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দা শ্যামাপদ লায়েক, কবিতা পাত্র বলেন, প্রচারের সময় বহু নেতা নামকাওয়াস্তে প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট মিটলেই তাঁরা সেসব ভুলে যান। বাসিন্দারাও সেই তিমিরেই থেকে যান। অরূপবাবু প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাননি। তিনি তা পালন করেছেন। রাস্তার জন্য অর্থ বরাদ্দ হওয়ায় ভালো লাগছে। দ্রুত কাজ শুরু করার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।
সম্পর্কিত সংবাদ