Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নকশালবাড়িতে হচ্ছে ইন্ডোর স্টেডিয়াম, জমি দেখলেন অর্থ প্রতিমন্ত্রী

মঙ্গলবার নকশালবাড়ির পাটারাম জোতে প্রস্তাবিত ইন্ডোর স্টেডিয়ামের জমি পরিদর্শন করলেন রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন

নকশালবাড়িতে হচ্ছে ইন্ডোর স্টেডিয়াম, জমি দেখলেন অর্থ প্রতিমন্ত্রী
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: মঙ্গলবার নকশালবাড়ির পাটারাম জোতে প্রস্তাবিত ইন্ডোর স্টেডিয়ামের জমি পরিদর্শন করলেন রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। এলাকার সরকারি জমি সরেজমিনে তদন্ত করেন মন্ত্রী। কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে ছিলেন নকশালবাড়ির বিডিও প্রণব চট্টোরাজ, বিএলআরও দীপাঞ্জন মজুমদার। 

Advertisement

মন্ত্রী বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসতেই রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে। এলাকার শিশু ও যুবক-যুবতীদের খেলার ক্ষেত্রে প্রতিভার বিকাশ ঘটাতে প্রত্যেকটি বিধানসভায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরির উল্লেখ রয়েছে। ইন্ডোর গেমের পাশাপাশি আথলেটিক্স খেলাও হবে। ইন্ডোর স্টেডিয়াম গড়তে রাজ্যকে এক একর জমির প্রস্তাব দেওয়া হয়েছে। একটি জমি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তবে এই জমিই চূড়ান্ত নয়। জমির কাগজপত্র দেখে বাজেট অনুযায়ী কাজ হবে। 
এলাকার বেশকিছু যুবতীর ‘খেলো ইন্ডিয়া’ প্রতিযোগিতায় সাফল্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই এলাকায় খেলাধুলোর মান আরও উন্নত করে জাতীয় ও আন্তর্জাতিকস্তরে খেলোয়াড়দের জায়গা করে দেওয়ার লক্ষ্যেই এই স্টেডিয়াম তৈরির উদ্যোগ। খেলাধুলোর জগতে যে প্রতিবন্ধকতা ছিল তা কাটানোর চেষ্টা চালাচ্ছি আমরা। 
জমি পরিদর্শন করার পর মন্ত্রী স্কুলডাঙিতে থাকা নকশালবাড়ি জুনিয়র হিন্দিস্কুল ভবন পরিদর্শন করেন। উল্লেখ্য, রাস্তার জমিজটে ওই স্কুলটি নির্মাণের তিনবছর পরেও চালু হয়নি। এনিয়ে মন্ত্রী আনন্দময় বর্মন বলেন, স্কুল ভবনটি তিনবছর আগে নির্মাণ হয়ে গিয়েছে। অথচ  স্কুলে যাওয়ার রাস্তা নিয়ে সমস্যা জেরে স্কুলটি চালু হয়নি। যারা স্কুলের জন্য জমি দান করেছিলেন, তাদের রাস্তা দেওয়ার কথা ছিল। যাইহোক কোনো কারণবশত তা হয়নি। পুরো বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলেছি। রাস্তাটি যাতে দ্রুত তৈরি করে দেওয়া যায়, তা দেখছি। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ