Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বন্ধু দিবসের উপহার ইনডোর প্ল্যান্ট

আগস্টের প্রথম রবিবারটার কথা একেবারে মনে থাকে না সীমার। ফ্রেন্ডশিপ ডে। প্রতি বছর এই বিশেষ দিনে কতকিছু উপহার দেয় প্রতীক্ষা। সেই স্কুলজীবন থেকেই। আর সীমা প্রতিবার ভুলে যায়।

বন্ধু দিবসের উপহার ইনডোর প্ল্যান্ট
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• আগস্টের প্রথম রবিবারটার কথা একেবারে মনে থাকে না সীমার। ফ্রেন্ডশিপ ডে। প্রতি বছর এই বিশেষ দিনে কতকিছু উপহার দেয় প্রতীক্ষা। সেই স্কুলজীবন থেকেই। আর সীমা প্রতিবার ভুলে যায়। ভাবে, আর এমনটা হবে না। পণ করেছে প্রতীক্ষাকে উপহার সে দেবেই। তবে কী উপহার দেওয়া যায়? এই ভাবনাই সারাদিন ভাবাচ্ছে সীমাকে। চকোলেট, বই, সাজগোজের জিনিস, জামাকাপড়, ঘড়ি, গ্যাজেটস... আরও কত কী মাথায় ঘুরছে। তবে পছন্দ হচ্ছে না। ইউনিক কিছু প্রয়োজন। মুশকিল আসান সেই মা। বীণা দেবী আইডিয়া দিলেন, ‘গাছ দে না।’ প্রস্তাব একপ্রকার উড়িয়ে দিয়েছিল সীমা, ‘ধুর, ওর অত সময় কোথায়? গাছের যত্ন লাগে না!’ মা বললেন, ‘ইনডোর প্ল্যান্ট উপহার দে। তেমন যত্নও লাগে না। ঘরের সৌন্দর্য বৃদ্ধিও করে। সবুজ মন ভালো করতেও সাহায্য করে। আর এমন উপহার দিলে, সারাজীবন মনে রাখবে।’

Advertisement

কী কী গাছ উপহার দিতে পারেন ফ্রেন্ডশিপ ডে-তে? 
১. স্নেক প্ল্যান্ট: ঘরের বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয়। ফুরফুরে থাকে অন্দরমহল। খুব বেশি আলোরও প্রয়োজন পড়ে না। কম জলে বাঁচে। সপ্তাহে একদিন জল দিলেই যথেষ্ট। দূষণ প্রতিরোধক হিসাবে স্নেক প্ল্যান্ট বহুদিন ধরে পরিচিত। মাটি ছাড়াও ভালো থাকে। কাচের জারে জল দিয়েও ঘরে রাখেন অনেকে। এই গাছ প্রচুর পরিমাণে অক্সিজেনের জোগান দেয়। ঘরে আলাদা সৌন্দর্যও এনে দেয়। ফলে ফ্রেন্ডশিপ ডে-তে এমন একটি গাছ উপহার দিতেই পারেন প্রিয় বন্ধুকে।   
২. মানিপ্ল্যান্ট: ঘর সাজাতে এই গাছের জুড়ি মেলা ভার। মাটির টব বা কাচের জারে জল দিয়ে রাখতে পারেন এই গাছ। অতিরিক্ত আদরযত্ন ছাড়াই দিব্যি বেড়ে ওঠে। অনেকেই বিশ্বাস করেন, এই গাছ অর্থনৈতিক উন্নতির বার্তা নিয়ে আসে। সৌভাগ্য, সমৃদ্ধি আর ইতিবাচক শক্তির প্রতীক হিসাবেও দেখা হয়। নতুন বাড়ি বা অফিসের ডেস্কের জন্য এই গাছ অসাধারণ। ফলে উপহারের জন্য এই গাছ আদর্শ অপশন। 
৩. পিস লিলি: ফুলের গাছ উপহার দেবেন ভাবছেন, তাহলে পিস লিলি হতে পারে আপনার সেরা পছন্দ। সারা বছর সাদা ফুল হয় এই গাছে। যা দেখতে অপূর্ব লাগে। ঘরের শোভা বৃদ্ধি করে। মাটি সামান্য ভেজা থাকলে এই ধরনের গাছ খুব ভালো থাকে। তবে খুব বেশি রোদ সহ্য করতে পারে না। তাই ঘরের এমন জায়গায় এই গাছ রাখতে হবে, যেখানে রোদ পৌঁছয় না। ঘরের বাতাস পরিশুদ্ধ রাখতে সাহায্য করে পিস লিলি। পাশাপাশি প্রচুর অক্সিজেনের জোগান দেয়।
৪. স্পাইডার প্ল্যান্ট: ঝুলন্ত পাতার জন্য ভীষণ সুন্দর দেখতে লাগে এই গাছ। সহজেই বেড়ে ওঠার পাশাপাশি ঘরে আলাদা মাধুর্য তৈরি করে। যাঁরা ঘর সাজাতে ভালোবাসেন, তাঁদের জন্য এই গাছ নিঃসন্দেহে ভালো উপহার। বাড়িতে পোষ্য থাকলে তাদের জন্যও এই গাছ ভীষণ উপকারী। পাশাপাশি ঘরের ভিতরের বাতাসকে দূষণ মুক্ত রাখে এই গাছ। 
৫. জিজি প্ল্যান্ট: বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এই গাছ। কম আলো ও পরিচর্যাতেও এটি বেঁচে থাকে। যাঁরা ফ্ল্যাটে থাকেন, তাঁদের জন্য অত্যন্ত উপযোগী এই জিজি প্ল্যান্ট। অফিসেও রাখার জন্য এটি আদর্শ। 
৬. অ্যালোভেরা: স্বাস্থ্য আর সৌন্দর্য, দু’দিকেই খেয়াল রাখে অ্যালোভেরা। চুল, ত্বকের যত্নে ঘৃতকুমারীর মহিমা সকলেই জানেন। ঘরের বাতাসও পরিষ্কার রাখে এই গাছ। জানলার পাশে এই গাছ রাখলে খুব দ্রুত বৃদ্ধি পায়। 
মায়ের আইডিয়া শুনে ইনডোর প্ল্যান্টই প্রতীক্ষাকে উপহার দিল সীমা। সঙ্গে  সুন্দর করে সাজানো একটি টব আর হাতে লেখা চিঠি।  
শান্তনু দত্ত

Advertisement
সম্পর্কিত সংবাদ