মুম্বইয়ে নজরদারিতে ধৃতের যোগ বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ত্রিশূর: মুম্বইয়ের চাবাদ হাউস সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি চালানোর অভিযোগে ধৃত যশ সিংয়ের সঙ্গে যোগ রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের! প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ। সম্প্রতি কেরলের ওট্টাপালাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল গুরুমূর্তি নামে এক যুবককে। বিষ্ণোই গ্যাংয়ের এক হ্যান্ডলারের নির্দেশে একাধিক ফিল্ম স্টারের বাড়ির ছবি তোলার অভিযোগ রয়েছে গুরুমূর্তির বিরুদ্ধে। এই কাজের জন্য কুখ্যাত গ্যাংস্টারের কাছ থেকে টাকাও পেয়েছে সেই। এই গুরুমূর্তিই যশকে রিক্রুট করেছিল বলে মনে করছে পুলিশ।  

Advertisement

সূত্রের খবর, গত কয়েকমাস ধরেই যশ ও গুরুমূর্তির মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। একাধিকবার যশকে টাকাও পাঠিয়েছে গুরুমূর্তি। কয়েকদিন আগেই এর্নাকুলামে একটি সিনাগগের উলটোদিকের ফুলের দোকানে আগুন ধরানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল এবিন পল নামে এক যুবক। পলের সঙ্গেও এই চক্রের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।  তদন্তকারীরা জানতে পেরেছেন, অনলাইন হ্যান্ডলাররা নির্দেশ দিয়েছিল পলকে। ইন্টারনেটে লরেন্স বিষ্ণোই সংক্রান্ত বিভিন্ন তথ্য সার্চও করেছিল এর্নাকুলামের এই যুবক। 
কেরল পুলিশের প্রধান রাভাদা এ চন্দ্রশেখর এবিষয়ে বলেছেন, ‘গুরুমূর্তি একাধিক টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করত। তাঁর সঙ্গে কোনো ক্রিমিনাল নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিভিন্ন এলাকার ছবি তুলে হ্যান্ডলারকে পাঠানোই ছিল তার মূল কাজ। ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি গুগল পে-এর মাধ্যমেও টাকা পাঠানো হয়েছিল গুরুমূর্তিকে। পলের ক্ষেত্রেও একইভাবে অনলাইন হ্যান্ডলাররা নির্দেশ দিয়েছিল।’