নটিংহ্যাম: ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ইংল্যান্ডের কাছে পরাজয় নিয়ে ভারতীয় শিবিরে চলছে পর্যালোচনা। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ০-১ পিছিয়ে পড়েছে শ্রেয়স আয়ার ব্রিগেড। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বাকি আর তিনটি খেলা। সিরিজ জিততে গেলে এই তিনটি ম্যাচেই জেতা জরুরি টিম ইন্ডিয়ার। কিন্তু আয়ারল্যান্ডে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশের পর বিলেতেও পরাজয় অস্বস্তি বাড়াচ্ছে। এই আবহে মঙ্গলবার ট্রেন্টব্রিজে দিন-রাতের তৃতীয় টি-২০’তে প্রথম এগারোয় পরিবর্তনের ভাবনা জোরালো। যা আভাস, তাতে বাদ পড়তে চলেছেন লেগস্পিনার রবি বিষ্ণোই। তাঁর তিনটি ব্যাকফুট নো-বল শনিবার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১৭তম ওভারে তিনি দেন ২৯ রান। ছন্দহীন রবি বিষ্ণোইয়ের পরিবর্তে খেলতে পারেন তরুণ পেসার প্রিন্স যাদব।



