নয়াদিল্লি: ভারতে জন্মহার ইতিমধ্যেই কমতে শুরু করেছে। নারীপিছু যে জন্মহার বজায় থাকলে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জনসংখ্যা মোটের উপর একই থাকে, তার থেকে সার্বিক প্রজনন হার কমছে। তার জেরে আগামী ২০৮০ সাল নাগাদ স্থিতাবস্থায় পৌঁছবে ভারতের জনসংখ্যা। সেই সময় দেশের জনসংখ্যা হবে ১৮০-১৯০ কোটি। এমনটাই জানিয়েছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব পপুলেশনের জেনারেল সেক্রেটারি অনিল চন্দ্রন। তিনি জানিয়েছেন, ২০০০ সালে দেশে টিএফআর ছিল ৩.৫। বর্তমানে তা কমে হয়েছে ১.৯। অর্থাৎ সার্বিক প্রজননের হার অনেকটাই কমেছে। অনিলের মতে, এখন মহিলাদের শিক্ষার হার অনেক বেশি। বিয়েও দেরিতে হচ্ছে। পাশাপাশি, তাঁদের আর্থিক অবস্থাও ভালো হয়েছে। গর্ভনিরোধক ওষুধ ও প্রসব সম্পর্কিত সচেতনতাও মহিলাদের মধ্যে আগের থেকে অনেক বেড়েছে। এই সব কারণের জন্যই সন্তান প্রসবের হার অনেকটাই বদলেছে।



