Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জয়ের খোঁজে মানোলো-ব্রিগেড, আজ প্রীতি ম্যাচে লিস্টনদের প্রতিপক্ষ দুর্বল মালদ্বীপ

জয়ের খোঁজে মানোলো-ব্রিগেড, আজ প্রীতি ম্যাচে লিস্টনদের প্রতিপক্ষ দুর্বল মালদ্বীপ
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথায় আছে বিনাশকালে বুদ্ধিনাশ। মানোলো মার্কুয়েজও কি ভারসাম্য হারাচ্ছেন? মঙ্গলবার জাতীয় দলের স্প্যানিশ কোচের বক্তব্যে বিতর্কের ঝড় ফুটবল মহলে। ৪০ বছরের সুনীল ছেত্রীকে স্কোয়াডে ফেরানো নিয়ে সমালোচনায় জর্জরিত টিম ম্যানেজমেন্ট। প্রবল চাপে মানোলো। এদিন তাঁর মন্তব্য, ‘জাতীয় দল খেলোয়াড় তৈরির জায়গা নয়। আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতাও প্রয়োজন। বয়স ২০ হোক বা ৪০, তা নিয়ে আলোচনা নিষ্প্রয়োজন।’ ঠাট্টা করে স্প্যানিশ কোচের সংযোজন, ‘আমার ঠাকুর্দা এখন ৮৭। ফর্মে থাকলে জাতীয় দলে আসতেই পারেন।’ মজার ছলে বললেও কোচের মন্তব্যে ঝড় উঠেছে। আসলে গুরুদায়িত্ব পেয়েও সাফল্য তাঁর কাছে অধরা। কান পাতলেই শোনা যায়, ঠিকঠাক স্পট করা হয়নি। চাকরি হারানোর আশঙ্কায় ফের সুনীল স্মরণং গচ্ছামির পথে হেঁটেছেন তিনি। চাপ বুঝেই এমন বেপরোয়া মন্তব্য। দুর্বল মালদ্বীপ, বাংলাদেশের বিরুদ্ধে সুনীল জাল কাঁপালে সাময়িক স্বস্তি পাবেন তিনি। কিন্তু ভারতীয় ফুটবল এক ইঞ্চিও এগবে না। 

Advertisement

এমন পরিস্থিতিতে বুধবার ফিফা ফ্রেন্ডলিতে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে ব্লু টাইগার্স। শিলংয়ের মাঠ সমতল থেকে বেশ উঁচু। মানিয়ে নিতে না পারলে দমে টান পড়তে বাধ্য। আইএসএলের সুবাদে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের মাঠ ভারতীয় ফুটবলাররা হাতের তালুর মতোই চেনেন। তবে প্রস্তুতির বেশি সময় পায়নি মালদ্বীপ। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে দ্বীপরাষ্ট্রকে বশ মানাতে মরিয়া ব্লু টাইগার্স। স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজের মন্তব্য, ‘চেনা পরিবেশে ফুটবলাররা মাঠে নামতে মুখিয়ে। ফিরে তাকানোর জায়গা নেই।’ ডিফেন্ডার মেহতাব সিং বললেন, ‘কম্বিনেশনে ধার বাড়াতে এমন ম্যাচ খুবই প্রয়োজন।’ উল্লেখ্য, ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৬ নম্বরে রয়েছে ভারত। মালদ্বীপের র‌্যাঙ্কিং ১৬২। এক সময় উপমহাদেশের ফুটবলে ঝড় তুলেছিলেন মালদ্বীপের আলি আসফাক। তদের কোচও চ্যালেঞ্জ ছুড়তে তৈরি।
(শিলংয়ে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-০০টায়। সম্প্রচার স্টার স্পোর্টসে।)

Advertisement
সম্পর্কিত সংবাদ