Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাচারে বাধা দেওয়ায় বাংলাদেশি দুষ্কৃতীদের মারে জখম ভারতীয় যুবক

কাঁটাতার বিহীন সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের।

পাচারে বাধা দেওয়ায় বাংলাদেশি দুষ্কৃতীদের মারে জখম ভারতীয় যুবক
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি: কাঁটাতার বিহীন সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। পাচারের প্রতিবাদ করতেই বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের এক যুবককে মারধর করে বাংলাদেশি চোরাচালানকারীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বনগ্ৰাম এলাকায়। 

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উন্মুক্ত সীমান্ত দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একদল বাংলাদেশি পাচারকারী বেশ কয়েক বস্তা বিভিন্ন ফসলের বীজ ভারতে পাচারের চেষ্টা করে। বিষয়টি দেখে ফেলেন সীমান্ত গ্রামের যুবকরা। তাঁরা চিৎকার শুরু করতেই তাঁদের উপর চড়াও হয় বাংলাদেশি পাচারকারীরা। এরপর ওই এলাকার এক যুবককে বেধড়ক মারধর করে বাংলাদেশি দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকগঞ্জ আউট পোস্টের পুলিশ ও বিএসএফের ১৩০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। 
বাংলাদেশি দুষ্কৃতীদের মারে জখম সমীর রায় বলেন, শুক্রবার রাতে উম্মুক্ত সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী ফসলের বীজ ভারতে পাচার করছিল। সেই সময় আমরা কয়েকজন প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে বাংলাদেশি পাচারকারীরা। 
এবিষয়ে স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত সদস্য তথা জখম যুবকের বাবা তরুণ রায় বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার ছেলে ওর মাসির বাড়িতে যায়। সেই সময় কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী বাংলাদেশ থেকে ভারতে বীজ নিয়ে আসছিল। সেটা দেখে চোর চোর বলে বাংলাদেশি দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলে ওরা চার-পাঁচ জন মিলে আমার ছেলেকে ঘিরে ফেলে মারধর শুরু করে। পাশাপাশি লাঠি দিয়ে ছেলের মাথায় আঘাত করার চেষ্টা করে। সেই সময় ছেলে কোনওরকমে পালিয়ে আসে। 
এবিষয়ে স্থানীয় বাসিন্দা বীরেন রায় বলেন, সীমান্তে কাঁটাতার না থাকায় দিনের পর দিন বাংলাদেশি দুষ্কৃতীরা পাচার করছে। শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি পাচারকারী ফসলের বীজ পাচার করছিল। সেই সময় কয়েকজন যুবক তার প্রতিবাদ করলে এক যুবককে মারধর শুরু করে। আমরা চাই দ্রুত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ