Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ফেরানো যায়নি বাংলাদেশে অপহৃত ভারতীয় যুবককে, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

তিন দিন পেরিয়ে গেলেও ফেরানো গেল না বাংলাদেশে অপহৃত ভারতীয় যুবক দীপঙ্কর গোপকে।

ফেরানো যায়নি বাংলাদেশে অপহৃত ভারতীয় যুবককে, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তিন দিন পেরিয়ে গেলেও ফেরানো গেল না বাংলাদেশে অপহৃত ভারতীয় যুবক দীপঙ্কর গোপকে। এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিল কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন। গত ৮ আগস্ট জলপাইগুড়ির চাউলহাটি সীমান্তে বিএসএফের কাছে সচিত্র পরিচয়পত্র জমা রেখে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে নিজের চা বাগানে কাজে গিয়েছিলেন ওই যুবক। অভিযোগ, সেসময় বাংলাদেশের বেশকিছু দুষ্কৃতী এসে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। 

Advertisement

সোমবার সন্ধ্যায় অপহৃত যুবকের বাবা মিসরিলাল গোপ বলেন, আমরা কিছুই বুঝতে পারছি না। তিন দিন হয়ে গেল। দ্রুত আমার ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। তাঁর দাবি, বিএসএফের পক্ষ থেকে এখনও কোনো আশ্বাস দেওয়া হয়নি। শুধু বলা হচ্ছে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তারা ফ্ল্যাগ মিটিং করছে। এদিনও বিএসএফ ক্যাম্পে গিয়েছিলাম। বলা হয়, বিকেল ৫টায় ফ্ল্যাগ মিটিং হবে। কিন্তু রাত ৮টা পর্যন্ত আমাদের কোনো আপডেট জানানো হয়নি। মিসরিলাল বলেন, ছেলের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। ফলে সে কেমন আছে, জানি না। 
তবে সূত্রের খবর, দীপঙ্করকে অপহরণ করা বাংলাদেশিরা এখনও নিজেদের অবস্থানে অনড়। তাদের বক্তব্য, কয়েকদিন আগে চাউলহাটি সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়া বাংলাদেশিকে আগে মুক্তি দিতে হবে। তা না হলে ওই ভারতীয় যুবককে ছাড়বে না তারা। যদিও এনিয়ে বিএসএফ বা জেলা পুলিশ প্রশাসনের কর্তারা কেউ মুখ খুলতে নারাজ।
ক্ষুদ্র চা চাষি দীপঙ্করকে দ্রুত ফিরিয়ে আনতে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠি প্রসঙ্গে কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী বলেন, বিষয়টি নিয়ে ভারত সরকারের অবিলম্বে পদক্ষেপ করা উচিত। না হলে এটা একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের কোনো অনুপ্রবেশকারী কিংবা গোরু পাচারকারী এপারে ধরা পড়লে ওপারের দুষ্কৃতীরা পালটা ভারতীয়দের অপহরণ করে ব্ল্যাকমেল করবে। সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রচুর কৃষকের চাষের জমি কিংবা চা বাগান রয়েছে। সেখানে ভারতীয়রা চাষ করতে যেতে ভয় পাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ