নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাদের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ইতিহাস গড়ল ভারত। চীনের সাজহৌতে আয়োজিত প্রতিযোগিতায় লেবাননকে ৪-০ গোলে চূর্ণ করল ভারত। প্রীতিকা বর্মনের জোড়া গোল। এছাড়াও স্কোরশিটে নাম তোলেন আলভা দেবী ও জয়া। এর ফলে এই প্রথম এশিয়ান কাপের নক-আউটে পৌঁছাল মহিলাদের জাতীয় দল। ফলে উচ্ছ্বসিত সর্বভারতীয় ফুটবল সংস্থা।
এদিকে, আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেডারেশনের স্পেশাল এজিএম ডাকল সর্বভারতীয় ফুটবল সংস্থা। নতুন সংবিধান চালুর বিষয়ে সবুজ সংকেত আদায় করাই প্রধান উদ্দেশ্য। এছাড়াও কমার্শিয়াল পার্টনার ইস্যুতেও এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। আগামী ২০ বছরে ভারতীয় ফুটবলে প্রায় দু’হাজার কোটি টাকা লগ্নি করতে উৎসাহী জিনিয়াস স্পোর্টস। একইসঙ্গে ফ্যানকোডের অফার থাকলেও জিনিয়াসের প্রস্তাব অনেক বেশি আকর্ষণীয়। আইএসএলের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক বৈঠকে রূপরেখাও স্পষ্ট করে দিয়েছে তারা। বিশেষ সাধারণ সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে। এর আগে গত বছর ডিসেম্বরে এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হয় ফেডারেশনের। এই মুহূর্তে ভারতীয় ফুটবলে কোনও কমার্শিয়াল পার্টনার নেই। ফলে দ্রুত এবিষয়ে সিদ্ধান্ত নিতে চায় ফেডারেশন। পাশাপাশি, আইএসএলে এদিন স্পোর্টিং দিল্লিকে ২-১ গোলে হারাল ওড়িশা এফসি। প্রথমার্ধে সুহের ভিপি ও লালরিনফেলার গোলে এগিয়ে যায় ওড়িশা। দ্বিতীয়ার্ধে দিল্লির পক্ষে পেনাল্টি থেকে ব্যবধান কমান বাবোভিচ। ১১ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ১০। উওমেন্স লিগে শনিবার লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ সেসা গোয়া। প্রথমে ঠিক ছিল ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ হবে বিকেল চারটেয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রাত ৮টায় শুরু হবে ম্যাচ।