Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়াড হকিতে ৪৪ বছরের খরা কাটাল ভারতের মহিলারা

এশিয়ান গেমসে মহিলাদের হকিতে ইতিহাস গড়লেন সালিমা তেতেরা। এই ইভেন্টে ৪৪ বছর পর সোনা জিতল ভারতীয় প্রমীলা বাহিনী।

এশিয়াড হকিতে ৪৪ বছরের খরা কাটাল ভারতের মহিলারা
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: এশিয়ান গেমসে মহিলাদের হকিতে ইতিহাস গড়লেন সালিমা তেতেরা। এই ইভেন্টে ৪৪ বছর পর সোনা জিতল ভারতীয় প্রমীলা বাহিনী। শুক্রবার ফাইনালে চীনকে ১-০ ব্যবধানে হারান তাঁরা। লালরেমসিয়ামির লক্ষ্যভেদই নিশ্চিত করে সোনা। যা চলতি আসরে দেশের ঝুলিতে ১৬তম সোনা। এই সাফল্যের সুবাদে লস এঞ্জেলস ওলিম্পিকসে মহিলাদের হকিতে টিকিট নিশ্চিত করে ফেললেন দীপিকারা। এর আগে ভারতীয় মহিলা হকি হল শেষবার এই মঞ্চে সোনা জিতেছিল ১৯৮২ সালে। এদিকে, শনিবার পুরুষদের হকির ফাইনালে টার্ফে নামছেন হরমনপ্রীত সিং ব্রিগেড। তাদের উলটোদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ফলে রোমঞ্চকর লড়াইয়ের সম্ভাবনা যথেষ্টই। রয়েছে হকিতে জোড়া সোনার সম্ভাবনাও।

Advertisement

চলতি এশিয়াডের হকিতে দুরন্ত ফর্মে ভারতের উভয় দলই। গ্রুপ পর্বে দুই দলই প্রতিপক্ষ দলগুলিকে বড়ো ব্যবধানে হারিয়েছে। মহিলা হকি দলকে নিয়ে প্রত্যাশার পারদ তাই চড়ছিল। তবে এশিয়ান হকিতে চীন বেশ শক্তিশালী প্রতিপক্ষ। তাই দীপিকাদের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। ফাইনালে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন সালিমারা। প্রথম কোয়ার্টার থেকেই একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে টিম ইন্ডিয়ী। তারই সুফল মেলে ২০ মিনিটে। জাল কাঁপিয়ে লালরেমসিয়ামি এগিয়ে দেন দেশকে। এরপরও লক্ষ্যভেদের সুযোগ এসেছিল। কিন্তু ব্যবধান বাড়াতে ব্যর্থ প্রমীলারা। শেষপর্বে দুরন্ত দক্ষতায় পেনাল্টি বাঁচিয়ে সোনা নিশ্চিত করেন গোলরক্ষক সবিতা পুনিয়া। 
অন্যদিকে, সোনা জয়ের লক্ষ্যে এদিন শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেয় ভারতের পুরুষ হকি দল। প্রবল প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে হরমনপ্রীতদের সাম্প্রতিক ফর্ম যথেষ্ট ভালো। তাছাড়া চলতি আসরে দুরন্ত ধারাবাহিকতা দেখিয়েছেন তাঁরা। তাই পদক সংখ্যায় আরও একটি সোনা যুক্ত হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে আসমুদ্রহিমাচল।   

Advertisement
সম্পর্কিত সংবাদ