নয়াদিল্লি: সামান্য পিছোল ভারতীয় পাসপোর্ট। শনিবার প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সে(জিপিআই) গত বছরের থেকে এক ধাপ নেমে তালিকায় ভারতীয় পাসপোর্টের স্থান ১২৫। নামিবিয়া রয়েছে ১২৪ নম্বরে। ১২৬-এ আজারবাইজান। কোন পাসপোর্ট কত গুরুত্বপূর্ণ বিচার করতে জিপিআই মূলত তিনটি মানদণ্ডকে বিচার করেছে— ভিসা ছাড়া কতগুলি দেশে ভ্রমণ করা যায়, সে দেশে বিনিয়োগের সম্ভাবনা কতটা এবং সেই দেশের জীবনধারণের গুণমান কত। বিশ্বের ১৯৭টি দেশের মধ্যে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া ২৬টি দেশে ভ্রমণ করা যায়। তবে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, চীনের মতো উন্নত দেশে ভ্রমণের জন্য ভিসা লাগে। গুণগত জীবনযাত্রার নিরিখে দেশের অবস্থান ১১৮ তম স্থানে। এক্ষেত্রে অবশ্য গত বছরের তুলনায় ১১ ধাপ এগিয়েছে দেশ। আর বিনিয়োগের গন্তব্য হিসাবে ভারতের বর্তমান অবস্থান ৯৪। এক্ষেত্রেও গত বছরের তুলনায় তিন ধাপ উন্নতি করেছে ভারত। তবে অন্য দেশগুলিও এসব মানদণ্ডে উন্নতি করায় জিপিআই অনুযায়ী সামগ্রিকভাবে এক ধাপ পিছিয়েছে ভারতীয় পাসপোর্ট। প্রথম তিনে রয়েছে সুইডেন, সুইত্জারল্যান্ড ও ফিনল্যান্ড। সবশেষে আফগানিস্তান।



