Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় গোষ্ঠী সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ, মৃত্যু ভারতীয়ের

কানাডায় গোষ্ঠী সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ, মৃত্যু ভারতীয়ের
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টরন্টো: কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। মৃতের নাম হরসিমরত কাউর রান্ধওয়া (২১)। হ্যামিলটনের মোহক কলেজে পড়াশোনা করতেন পাঞ্জাবের তরণ তারণ জেলার ওই যুবতী। কেন্দ্রীয় সরকারের কাছে দেহ দ্রুত দেশে ফেরানোর আর্জি জানিয়েছে হরসিমরতের পরিবার। বিবৃতি দিয়ে তাঁরা জানিয়েছেন, ‘দু’বছর আগে কানাডায় উচ্চশিক্ষার জন্য গিয়েছিল হরসিমরত। দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ের মধ্যে পড়ে ওর মৃত্যু হয়েছে।’ 

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, ১৭ এপ্রিল রাত সাড়ে ৭টা নাগাদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন হরসিমরত। তখনই আপার জেমস স্ট্রিট ও সাউথ বেন্ড রোড ইস্ট দিয়ে গুলি চালাতে চালাতে আসছিল দুই গাড়িচালক। আচমকা যুবতীর বুকে একটি গুলি এসে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় হ্যামিলটন পুলিস। গুরুতর আহত অবস্থায় হরসিমরতকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ভারতীয় পড়ুয়ার। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিস। বিবৃতি দিয়ে পুলিস জানিয়েছে, ‘একজন কালো রঙের মার্সিডিজ এসইউভি চালাচ্ছিল। অন্যজন ছিল সাদা গাড়িতে। দুজনেই একে অপরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। এরই মাঝে পড়ে ভারতীয় ছাত্রী গুলিবিদ্ধ হন। অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। সংলগ্ন অ্যালেনবি অ্যাভিনিউয়ের একটি বাড়িতেও বুলেট পাওয়া গিয়েছে। সেখানে অবশ্য কেউ আহত হননি।’
ঘটনায় শোকপ্রকাশ করেছে টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল। এক্স হ্যান্ডেলে তারা জানিয়েছে, ‘অন্টারিও প্রদেশের হ্যামিলটনে ভারতীয় পড়ুয়া হরসিমরত রান্ধওয়ার আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। স্থানীয় পুলিস ঘটনার তদন্ত করছে। তারা জানিয়েছে, দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। সবদিক দিয়ে সহযোগিতা করা হবে।’ বিবৃতি দিয়ে মোহক কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এই কঠিন সময়ে হরসিমরতের পরিবারের পাশে আছি। ও কলেজের বৃহত্তর পরিবারের অংশ ছিল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ